এক্সপ্লেইনার

জীবাশ্ম জ্বালানি বিরোধে ব্যর্থ কপ৩১, কেন একমত হতে পারল না বিশ্ব

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
জীবাশ্ম জ্বালানি বিরোধে ব্যর্থ কপ৩১, কেন একমত হতে পারল না বিশ্ব
কপ৩১ সম্মেলনের সাইনবোর্ড

জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। বৈশ্বিক উষ্ণায়ন ঠেকাতে কী করতে হবে, তা নিয়েও বিজ্ঞানীদের স্পষ্ট পরামর্শ রয়েছে। কিন্তু বাস্তবে কে কতটা দায়িত্ব নেবে, জীবাশ্ম জ্বালানি থেকে কত দ্রুত সরে আসবে এবং জলবায়ু ক্ষতি মোকাবিলায় কে কত অর্থ দেবে- এসব প্রশ্নেই আটকে যাচ্ছে আন্তর্জাতিক উদ্যোগ। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ সম্মেলন তারই আরেকটি উদাহরণ। দুই দিন অতিরিক্ত আলোচনা করেও শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি দেশগুলো। কিন্তু জলবায়ু সংকটের ভয়াবহতা সবাই স্বীকার করার পরও কেন একমত হতে পারছে না বিশ্ব?

জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধেই ভাঙলো সমঝোতা

কপ৩১-এর মূল বিরোধ ছিল জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে। ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ২৮ সম্মেলনে প্রায় তিন দশকের আলোচনার পর প্রথমবারের মতো দেশগুলো জ্বালানি ব্যবস্থা থেকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছিল। তবে প্রতিটি দেশকে নিজেদের সক্ষমতা অনুযায়ী এ পরিবর্তনের গতি নির্ধারণের সুযোগ দেওয়া হয়। একই সঙ্গে প্যারিস চুক্তির লক্ষ্য অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

কিন্তু বর্তমান জাতীয় অঙ্গীকার দিয়ে সেই লক্ষ্য অর্জন সম্ভব নয়- এমন আশঙ্কা থেকে কপ৩১-এ প্রায় ১৩০টি দেশ জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রতিশ্রুতি আরও স্পষ্ট করার দাবি জানায়।

এর বিরোধিতা করে সৌদি আরব। ইরান ও রাশিয়াসহ কয়েকটি তেল ও গ্যাস রপ্তানিকারক দেশও তাদের অবস্থানকে সমর্থন করে। শেষ পর্যন্ত তুরস্ক ও অস্ট্রেলিয়ার সভাপতিত্বে তৈরি চূড়ান্ত খসড়া থেকে জীবাশ্ম জ্বালানি শব্দটি বাদ দেওয়া হয়। এতে আপত্তি জানায় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, নরওয়ে, পানামা, ভানুয়াতু ও মার্শাল দ্বীপপুঞ্জ।

কপ-এর সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে নেওয়া হয়। ফলে কয়েকটি দেশের আপত্তিতেই চুক্তি আটকে যায়। অতিরিক্ত দুই দিন আলোচনা করেও সমাধান না আসায় সম্মেলনের সভাপতি মুরাত কুরুম শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করেন।

আগের সম্মেলনগুলোতে যেভাবে সমঝোতা হয়েছিল

জলবায়ু সম্মেলনে মতবিরোধ নতুন নয়। তবে অতীতে দেশগুলো নিজেদের স্বার্থের মধ্যে ভারসাম্য তৈরি করে সমঝোতায় পৌঁছেছিল। ২০১৫ সালে প্যারিস সম্মেলনে মার্শাল দ্বীপপুঞ্জের উদ্যোগে ধনী ও দরিদ্র দেশগুলো ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্য নিয়ে একমত হয়। যুক্তরাষ্ট্র ও চীন এতে সম্মতি দেয়। কারণ, প্রতিটি দেশকে নিজস্ব নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণের সুযোগ দেওয়া হয়েছিল।

২০২১ সালে গ্লাসগো সম্মেলনে ভারত কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ করার পরিবর্তে পর্যায়ক্রমে কমানোর প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত সেই সংশোধনী গ্রহণ করা হয়। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কপ-এর সিদ্ধান্তে কয়লার ব্যবহার কমানোর কথা উঠে আসে। এরপর দুবাই সম্মেলনে কয়লার পাশাপাশি তেল ও গ্যাসকেও আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু আন্তালিয়ায় এসে আগের সেই সমঝোতা ধরে রাখা সম্ভব হয়নি।

কার্বন ক্যাপচার প্রযুক্তি
কার্বন ক্যাপচার প্রযুক্তি

কার্বন ক্যাপচার প্রযুক্তি নিয়েও ছিল দ্বন্দ্ব

জীবাশ্ম জ্বালানি ছাড়াও কার্বন ক্যাপচার প্রযুক্তি নিয়ে মতবিরোধ তৈরি হয়। এ প্রযুক্তির মাধ্যমে শিল্পকারখানা ও বিদ্যুৎকেন্দ্র থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড ধরে সংরক্ষণ করা যায়। কপ৩১-এর খসড়ায় ২০৩৫ সালের মধ্যে এ প্রযুক্তির সক্ষমতা এক বিলিয়ন টনে উন্নীত করার প্রস্তাব ছিল। সৌদি আরবসহ আরব গ্রুপ এর পক্ষে অবস্থান নেয়। তেল রপ্তানিকারক দেশগুলোর কাছে প্রযুক্তিটি গুরুত্বপূর্ণ। কারণ, এর মাধ্যমে তেল-গ্যাসের ব্যবহার চালু রেখেও কার্বন নিঃসরণ কমানোর যুক্তি তুলে ধরা যায়। তবে সমালোচকদের আশঙ্কা, এতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার দীর্ঘায়িত হতে পারে।

পালাউ এ প্রযুক্তি নিয়ে আপত্তি জানালেও সমুদ্র রক্ষা, জলবায়ু অর্থায়ন ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে সমঝোতা ধরে রাখার পক্ষে ছিল। ভুটানও পাহাড় ও হিমবাহ রক্ষার বিষয়গুলো চুক্তিতে রাখতে চেয়েছিল। ভারত ও চীন খসড়াটি গ্রহণে আগ্রহী ছিল।

জলবায়ু অর্থায়ন নিয়ে ধনী-দরিদ্র দেশের বিরোধ

কপ৩১-এর ব্যর্থতার আরেকটি বড় কারণ ছিল জলবায়ু অর্থায়ন। জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে বেশি দায়ী ধনী দেশগুলো। অথচ এর সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়ছে উন্নয়নশীল দেশগুলো। তাই এসব দেশের দাবি, জলবায়ুর ক্ষয়ক্ষতি মোকাবিলা ও অভিযোজনের জন্য ধনী রাষ্ট্রগুলোকে আরও বেশি অর্থ দিতে হবে। ২০২২ সালে শার্ম-ই-শেখে অনুষ্ঠিত কপ২৭ সম্মেলনে পাকিস্তানের জোরালো ভূমিকার পর ক্ষয়ক্ষতি মোকাবিলায় আলাদা তহবিল গঠনে সম্মত হয়েছিল ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশ।

কিন্তু আন্তালিয়ায় আবারও বিরোধ দেখা দেয়। উন্নয়নশীল দেশগুলো ধনী রাষ্ট্রগুলোর আর্থিক দায়িত্বের বিষয়টি সামনে রাখতে চাইলেও ইউরোপ জানতে চায়, অন্য কোন দেশগুলোও এ তহবিলে অর্থ দেবে। প্রথম খসড়ায় ২০৩৫ সালের মধ্যে জলবায়ু অভিযোজনের জন্য বছরে অন্তত ১২০ বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব ছিল। কিন্তু পরবর্তী খসড়া থেকে সেটা বাদ পড়ে যায়। এতে আফ্রিকার দেশগুলো ক্ষুব্ধ হয়। ফলে অর্থায়নের প্রশ্নটিও চূড়ান্ত চুক্তি আটকে যাওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

তুরস্কে অনুষ্ঠিত কপ৩১-এর আলোচনা কক্ষ
তুরস্কে অনুষ্ঠিত কপ৩১-এর আলোচনা কক্ষ

জীবাশ্ম জ্বালানি ছাড়তে নারাজ দেশগুলো

আন্তালিয়ার আলোচনা দেখিয়েছে, পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি থাকলেও নিজেদের জ্বালানি নিরাপত্তার প্রশ্নে অনেক দেশই ছাড় দিতে রাজি নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি ও গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন। সম্মেলনেও কোনো ফেডারেল প্রতিনিধিদল পাঠায়নি ওয়াশিংটন।

অন্যদিকে, জীবাশ্ম জ্বালানি নিয়ে কঠোর অবস্থানের কথা বলা ইউরোপীয় দেশগুলোর মধ্যেও দ্বন্দ্ব রয়েছে। গ্রিস সমুদ্র এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানের অনুমোদন দিয়েছে। নেদারল্যান্ডস উত্তর সাগরে গ্যাস উত্তোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। যুক্তরাজ্যও আগে অনুমোদন পাওয়া একটি গ্যাসক্ষেত্রে উৎপাদনের অনুমতি দিয়েছে। ইউরোপের যুক্তি, জ্বালানি সরবরাহ নিশ্চিত রাখা এবং সাধারণ মানুষের জন্য দাম সাশ্রয়ী রাখা জরুরি। কিন্তু একই যুক্তি ভারত, অস্ট্রেলিয়া ও তেল রপ্তানিকারক দেশগুলোও ব্যবহার করতে পারে।

অন্যদিকে, পাকিস্তান তেল আমদানির ওপর নির্ভরশীল হওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়। আবার জলবায়ু ক্ষতি মোকাবিলায় দেশটিরও আন্তর্জাতিক অর্থায়ন প্রয়োজন। ফলে প্রতিটি দেশের অবস্থানের পেছনেই রয়েছে নিজস্ব অর্থনৈতিক ও রাজনৈতিক হিসাব।

সম্মেলন ব্যর্থ হলেও এগোচ্ছে পরিচ্ছন্ন জ্বালানি

কপ৩১-এ চুক্তি না হলেও বিশ্বজুড়ে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ছে। ২০২৫ সালে বিশ্বে বিক্রি হওয়া প্রতি চারটি নতুন গাড়ির একটি বৈদ্যুতিক গাড়ি হওয়ার পূর্বাভাস ছিল। পাকিস্তানেও সৌরবিদ্যুতের ব্যবহার দ্রুত বেড়েছে। আন্তর্জাতিক শক্তি সংস্থার অনুমান অনুযায়ী, ওই বছর দেশটিতে বিকেন্দ্রীভূত সৌরবিদ্যুতের উৎপাদন সক্ষমতা ২৮ থেকে ৩৮ গিগাওয়াটে পৌঁছায়।

চীনও সৌরবিদ্যুৎ, ব্যাটারি ও বৈদ্যুতিক গাড়ির মতো পরিবেশবান্ধব প্রযুক্তি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে। এসব প্রযুক্তির দাম কমে আসায় পরিচ্ছন্ন জ্বালানিতে যাওয়ার সুযোগ বাড়ছে। অর্থাৎ, আন্তর্জাতিক চুক্তিতে অগ্রগতি না থাকলেও প্রযুক্তি ও বাজারের পরিবর্তন জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পথ তৈরি করছে।

কপ৩২-এ কি নতুন সমঝোতা সম্ভব

২০২৭ সালের নভেম্বরে ইথিওপিয়ায় পরবর্তী জলবায়ু সম্মেলন কপ৩২ আয়োজনের প্রস্তুতি নেওয়ার কথা রয়েছে। সেখানে আন্তালিয়ার অচলাবস্থা কাটানোর সুযোগ তৈরি হতে পারে। এ ক্ষেত্রে ২০১০ সালে মেক্সিকোর কানকুনে অনুষ্ঠিত কপ১৬ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে। ২০০৯ সালে কোপেনহেগেন সম্মেলন ব্যর্থ হওয়ার পর কানকুনে দেশগুলো জাতীয় নির্গমন কমানোর অঙ্গীকারকে স্বীকৃতি দেয় এবং গ্রিন ক্লাইমেট ফান্ড প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। তহবিলটির পরিচালনা পর্ষদে উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্ধেক আসন রাখা হয়েছিল।

এটি ছিল ধনী ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে একটি কার্যকর সমঝোতা। বড় অর্থনীতিগুলো নিজেদের লক্ষ্যমাত্রা নির্ধারণের সুযোগ পেয়েছিল, অন্যদিকে উন্নয়নশীল দেশগুলো অর্থায়নের সিদ্ধান্তে অংশ নেওয়ার অধিকার পেয়েছিল।

কপ৩২-এ এমন একটি সমঝোতা প্রয়োজন। একদিকে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বাস্তবসম্মত পরিকল্পনা, অন্যদিকে জলবায়ু অভিযোজনের জন্য ধনী দেশগুলোর নির্দিষ্ট আর্থিক প্রতিশ্রুতি- দুটিই নিশ্চিত করতে হবে। আন্তালিয়ার ব্যর্থতা প্রমাণ করেছে, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু বৈজ্ঞানিক সতর্কবার্তা যথেষ্ট নয়। এর সঙ্গে জড়িয়ে থাকা রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের সমাধানও জরুরি। কারণ, প্রতিটি দেশ নিজের স্বার্থের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিতে রাজি না হলে বৈশ্বিক উষ্ণায়ন ঠেকানোর প্রতিশ্রুতি কেবল কাগজেই সীমাবদ্ধ থেকে যাবে।

/এমএকে/