শিরোনাম

ইরানে অভিযান কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সিটিজেন ডেস্ক
ইরানে অভিযান কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সে জি–৭ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: সংগৃহীত

ইরানে অভিযান কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও । তিনি দাবি করেন, ইরান অভিযান শেষ করতে কয়েক মাস লাগবে না। স্থলবাহিনী মোতায়েন ছাড়াই ওয়াশিংটন তাদের সব কৌশলগত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে।

গতকাল শুক্রবার (২৭ মার্চ) মার্কো রুবিও ফ্রান্সে জি-৭ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমরা এই অভিযানে নির্ধারিত সময়সূচির সঙ্গে তাল মিলিয়ে চলছি। এমনকি কিছু ক্ষেত্রে এগিয়েও আছি।‘ যুক্তরাষ্ট্র আশা করছে, যথাযথ সময়ে অভিযান শেষ হবে। এটা কয়েক সপ্তাহের ব্যাপার, কয়েক মাসের নয়।

রুবিও আরও বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যখন এই অভিযান শেষ হবে, তখন ইরান সাম্প্রতিক ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি দুর্বল হয়ে পড়বে।

তবে যুদ্ধ-পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে ইরান যদি জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে তাহলে সেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হবে।

রুবিও আরও বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে চলাচল করে যেসব ইউরোপীয় ও এশীয় দেশ বাণিজ্যিকভাবে লাভবান হয়, তাদের উচিত অবাধ নৌ চলাচল নিশ্চিত করার উদ্যোগে অংশ নেওয়া।

যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনা হতে পারে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন বলেন, আমাদের মধ্যে বার্তা বিনিময় হয়েছে এবং ইরানের পক্ষ থেকে কিছু বিষয়ে আলোচনার আগ্রহের ইঙ্গিত পাওয়া গেছে। তবে এখনো তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

/বিবি/