শিরোনাম

প্রতিটি পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেবে সরকার

বিশেষ প্রতিনিধি
প্রতিটি পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেবে সরকার
ঈদের আগে জ্বালানি তেলের সংকট সৃষ্টি হওয়ায় পেট্রোল পাম্পগুলোয় রেশনিং পদ্ধতি চালু করা হয়। ছবি : সিটিজেন জার্নাল

চলমান বৈশ্বিক সংকট নিরসনের জন্য দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে। তারা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বা বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন ও দৈনিক প্রতিবেদন দেবেন।

শুক্রবার (২৭ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে থেকে জ্বালানি তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় সারা বিশ্বজুড়ে সংকট তৈরি হয়েছে। জ্বালানির চাহিদা বেড়ে যাওয়ায় সরকার ঈদের আগে পেট্রোল পাম্পগুলোতে রেশনিং ব্যবস্থা চালু করে। কিছুদিন পর তা তুলে নেওয়া হলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এ অবস্থায় দেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিলো সরকার।

ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ট্যাগ অফিসার নিয়োগ করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এ ছাড়া অন্যান্য জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারী কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্ট সব দপ্তর বা সংস্থাকে অনুরোধ করা হয়েছে।

/এফসি/