শিরোনাম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

সিটিজেন ডেস্ক
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৫ম ফ্লিটে ইরানের হামলার পর ধোয়ার কুণ্ডুলি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্র জানিয়েছে, এই সাফল্যের দাবিদার ইরানের সশস্ত্র বাহিনী।

ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি বলেন, ‘পশ্চিম এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্র নিজেদের ১৭টি ঘাঁটি স্থাপন করেছিল। তাদের ১৭টি ঘাঁটিই এখন পর্যন্ত ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী ধ্বংস করে দিয়েছে। আমেরিকানরা তাদের ঘাঁটি ও সেনাবাহিনী রক্ষা করতে পারেনি।’

২০২৫ সালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই যুদ্ধের পর ইরান তার প্রতিরক্ষামূলক নীতিকে আক্রমণাত্মক নীতিতে পরিবর্তন করেছে।

শেখারচি বলেন, ‘গত ৪৭ বছরে ইরান কোনও দেশকে আক্রমণ করেনি এবং ভবিষ্যতেও অন্য দেশে আগ্রাসন চালাবে না। ইরানের আক্রমণাত্মক নীতির অর্থ হলো, যদি কোনও দেশ আমাদের ওপর হামলা চালায়, আমরা পাল্টা আঘাত করব যতক্ষণ না তা ধ্বংস হয় এবং আমরা তাদের ছেড়ে দেবো না।’

হরমুজ প্রণালির প্রসঙ্গে সশস্ত্র বাহিনীর তিনি বলেন, ‘হরমুজ প্রণালির অবস্থা আর আগের মতো হবে না। যুদ্ধ শেষ হলেও আমরা কিছু শর্ত নির্ধারণ করেছি। দেশগুলোকে আমাদের শর্ত সম্পূর্ণভাবে মেনে চলতে হবে।’

ইরান সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, নিরাপত্তা দেওয়ার মিথ্যা দাবিতে যুক্তরাষ্ট্র আঞ্চলিক দেশগুলোর কাছে সামরিক অস্ত্র ও সরঞ্জাম বিক্রি করেছে। ওই দেশগুলোর অর্থায়নে সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করেছে।

শেখারচি আরও বলেন, ‘আমাদের সক্ষমতা প্রতিদিনই আরও শক্তিশালী হচ্ছে। আমরা আমাদের সামরিক ব্যবস্থা ক্রমাগত উন্নত করছি, যাতে যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়।’

আঞ্চলিক মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাহিনীকে আশ্রয় দেওয়া বন্ধ করুন।’

সূত্র: মেহের নিউজ

/জেএইচ/