শিরোনাম

রাজনৈতিক অর্জনের সঙ্গে স্বাধীনতাকে মেলালে বিপর্যয় হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক অর্জনের সঙ্গে স্বাধীনতাকে মেলালে বিপর্যয় হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
নগর ভবন প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। ছবি: সিটিজেন জার্নাল

রাজনৈতিক অর্জনের সঙ্গে স্বাধীনতাকে এক করা হলে তা বিপর্যয়ের কারণ হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

শনিবার (২৮ মার্চ) দুপুরে নগর ভবন প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এ সংবর্ধনার আয়োজন করে।

আহমেদ আযম খান বলেন, আমাদের ঠিকানা মুক্তিযুদ্ধ, আমাদের ঠিকানা ’৭১। বাংলাদেশের স্বাধীনতা একবারই এসেছে। এর আগেও আসেনি, এর পরেও আসবে না। আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন আমাদের স্বাধীনতা।

তিনি আরও বলেন, এই স্বাধীনতার পর আমাদের অনেক রাজনৈতিক অর্জনগুলো এসেছে। ’৯০-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বড় একটা অর্জন হয়েছে। আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম। ’২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। এগুলো আমাদের বড় অর্জন। নিঃসন্দেহে স্বাধীন দেশে এই রাজনৈতিক অর্জনগুলোকে আমরা শ্রদ্ধা এবং সম্মান করি। তাই বলে এই অর্জনগুলোর সঙ্গে আমরা যদি স্বাধীনতাকে সমানতালে মিলিয়ে ফেলি, সেটা আমাদের জন্য হবে অনেক বড় একটা বিপর্যয়ের কারণ।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, শহীদ মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা এবং যারা মুক্তিযুদ্ধবিরোধী ছিল, তাদের সঠিক তালিকা প্রণয়ন করে জাতির সামনে প্রকাশ করা হবে।

মুক্তিযোদ্ধাদের বেতন-ভাতা, বাড়ি এবং চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এ বিষয়গুলো নিয়ে কাজ করছে। বেশকিছু বাড়ি এরইমধ্যে তৈরি হয়েছে। অনেক বাড়ি নির্মাণাধীন রয়েছে। বিষয়গুলো আমাদের বিবেচনায় আছে।

অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালামসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

/এফসি/