শিরোনাম

জার্মানিতে তেলের দামে ধাক্কা

সিটিজেন ডেস্ক
জার্মানিতে তেলের দামে ধাক্কা
ইরান যুদ্ধের প্রভাবে জার্মানিতে দ্রুত বাড়ছে জ্বালানি তেলের দাম। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের জেরে তেলের দামের ধাক্কায় জার্মানিতে জ্বালানির মূল্যবৃদ্ধি ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেশটির সরকার জানিয়েছে, পেট্রোল পাম্পগুলো এখন থেকে দিনে মাত্র একবার—দুপুরে—জ্বালানির দাম বাড়াতে পারবে। অতিরিক্ত মুনাফা করার অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, পেট্রোল ও ডিজেলের দাম কমানো যাবে দিনের যেকোনো সময়। তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে থাকার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে সর্বোচ্চ ১ লাখ ইউরো (প্রায় ৮৬ হাজার ৪০০ পাউন্ড) পর্যন্ত জরিমানা গুনতে হবে।

মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর পর ব্রিটেনে পেট্রোলের দাম গত ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সরকারি তথ্য অনুযায়ী, সোমবার সেখানে প্রতি লিটার পেট্রোলের গড় দাম ছিল ১৪০.২৮ পেন্স।

অন্যদিকে জার্মানিতে এই মাসে জ্বালানির দাম আরও দ্রুত বেড়েছে, যেখানে প্রতি লিটার পেট্রোলের দাম ২ ইউরো (প্রায় ১.৭৩ পাউন্ড) ছাড়িয়েছে।

জার্মানির অর্থমন্ত্রী ক্যাথেরিনা রাইখে বলেন, ‘এটি লক্ষণীয় যে আমাদের দেশে পাম্পে জ্বালানির দাম ইউরোপীয় গড়ের তুলনায় বেশি দ্রুত বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘খনিজ তেল শিল্প এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি, তাই আমরা পদক্ষেপ নিচ্ছি।’

সূত্র: দ্য টেলিগ্রাফ

/জেএইচ/