বসনিয়ায় ইইউ মিশনের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বসনিয়ায় ইইউ মিশনের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
বিধ্বস্ত সামরিক হেলিকপ্টার। ছবি: রয়টার্স

ইউরোপের দেশ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষা মিশনের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ১১ জন আহত হয়েছে। তারা সবাই ইতালির নাগরিক।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনার ব্রকো জেলার গোরিচে গ্রামে এ ঘটনা ঘটে।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটিতে চালকসহ মোট ১৫ জন ছিলেন। তারা সবাই ইতালির নাগরিক। নিহত ৪ জনের মধ্যে ২ জন ইতালির সেনাবাহিনীর সদস্য এবং বাকি ২ জন ইতালীয় রেডক্রসের স্বেচ্ছাসেবী সামরিক বাহিনীর সদস্য।

আহত ১১ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা-সেবা দেওয়া হচ্ছে। তবে তাদের কারোর অবস্থাই আশঙ্কাজনক নয়।

এ ঘটনায় নিহতের প্ররিবারের প্রতি গভীল সমবেদনা জানান ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এবং পুরো প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে নিহতদের স্বজনদের গভীর সমবেদনা জানাচ্ছি।’

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি সামরিক পরিবহন হেলিকপ্টার মাটিতে উল্টে পড়ে আছে। সেটি টুকরো টুকরো হয়ে গেছে।

হেলিকপ্টারটি ইউরোপীয় ইউনিয়ন ফোর্সের ‘অপারেশন আলথিয়া’ মিশনের অংশ হিসেবে মোতায়েন করা হয়েছিল। তারা ডেটন শান্তি চুক্তির বাস্তবায়ন তদারকি করে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিনে বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমার ভাবনা নিহত ব্যক্তি, তাদের পরিবার এবং সেই সব মানুষের সঙ্গে রয়েছে, যারা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মিশনে যুক্ত থেকে বর্তমানে চরম যন্ত্রণাময় মুহূর্ত পার করছেন।’

সূত্র : রয়টার্স

/জেএইচ/