পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, জামায়াতের শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, জামায়াতের শোক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো

পাবনায় বজ্রপাতে ৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে নিহতদের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে তিনি বলেন, শুক্রবার বিকেলে পাবনা সদর উপজেলার গোবিন্দপুরের সোনাপাতিল বিলে বৃষ্টির সময় বজ্রপাতে ৬ জন কিশোর ও তরুণের মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। আমি শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমি মহান আল্লাহর কাছে নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদের শহিদ হিসেবে কবুল করুন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সইবার শক্তি ও ধৈর্য দান করুন। একইসঙ্গে বজ্রপাতে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়। একই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে হতাহতরা সোনাপাতিল বিলে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। ওই সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা পাশেই জেলেদের ছাউনিতে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আরও ২ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এসবি/