হ্যালোইনে বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
হ্যালোইনে বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন
বিক্ষোভ মোকাবিলায় ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েনের ঘোষণা

ফ্রান্সে হ্যালোইন উৎসবে আরেক দফা বিক্ষোভ হতে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকার। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের সহিংসতা এড়াতে শনিবার (৩১ অক্টোবর) দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করার ঘোষণা দিয়েছে সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ কথা জানান।

ফরাসি সম্প্রচারকারী সংস্থা টিএফ১-এর তথ্য মতে, এ নিরাপত্তা অভিযানটি ২৪ অক্টোবরের অভিযানের মতোই কঠোর হবে। পাশাপাশি বিভিন্ন শহরের কেন্দ্রস্থলে যেকোনো ধরনের বিক্ষোভের ওপর অতিরিক্ত কড়াকড়ি ও বিধিনিষেধ আরোপ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজ সতর্ক করে জানান, এ সব আহ্বানে বিপ্লব বা অভ্যুত্থানের উস্কানিমূলক বার্তাও রয়েছে। তিনি জানান, সমাবেশগুলো অবশ্যই নিষিদ্ধ করা হবে। যদি এমন সমাবেশ অনুষ্ঠিত হয়, তবে তা ছত্রভঙ্গ করে দেওয়া হবে এবং গ্রেপ্তার করা হবে। ১৭ অক্টোবরের বিক্ষোভের কথা মনে করিয়ে নুনেজ বলেন, বিভিন্ন এলাকার স্থানীয় প্রিফেক্টরা ইতোমধ্যেই শহরের কেন্দ্রগুলোতে আংশিক নিষেধাজ্ঞা জারি করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ বিভিন্ন শহরে ঢোকার মুখে নজরদারি অনেক বাড়াবে এবং পুরো দেশজুড়েই সার্বক্ষণিক নিরাপত্তা কর্মী মোতায়েন রাখবে।

যেকোনো ধরনের বিশৃঙ্খলা রুখতে সরকার প্রস্তুত বলে জানান নুনেজ। সেই সঙ্গে তিনি জানান, নিরাপত্তা বাহিনীকে চরম কঠোরতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদিত বিক্ষোভ চলবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/