শিরোনাম

স্পেনে ব্রিটিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ২৭

সিটিজেন ডেস্ক
স্পেনে ব্রিটিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ২৭
ব্রিটিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত এক। ক্লজ: সিটিজেন

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে ব্রিটিশ পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ২৭ জন। শুক্রবার (১০ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে সান সেবাস্তিয়ান দে লা গোমেরা শহরের নিকটবর্তী জিএম-২ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম ও কর্মকর্তাদের তথ্যমতে, বাসটি মূলত ২৭ জন ব্রিটিশ পর্যটক ও একজন চালক নিয়ে একটি নৌকা ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছিল।

দুর্ঘটনার পরপরই জরুরি স্বাস্থ্যসেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহত ২৭ জনকে উদ্ধার করে চিকিৎসায় পাঠানো হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর। ৪ জনের মধ্যে ৩ জনকে লা গোমেরার হসপিটাল নুয়েস্ত্রা সেনোরা দে গুয়াদালুপেতে ভর্তি করা হয়েছে এবং সবচেয়ে সংকটাপন্ন একজনকে পার্শ্ববর্তী তেনেরিফ দ্বীপের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনার পর ক্যানারি দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ফার্নান্দো ক্লাভিহো উদ্ধারকারী দলগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন এবং হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। মাদ্রিদে অবস্থিত ব্রিটিশ দূতাবাস ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক হিসেবে আখ্যা দিয়েছেন। তারা জানিয়েছেন, পরিস্থিতি নিবিড়ভাবে নজরে রাখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পর্যটক ও তাদের পরিবারকে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানে কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে স্প্যানিশ পুলিশ ইতোমধ্যে এর তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, গত বছর একই মহাসড়কে প্রায় অনুরূপ একটি সড়ক দুর্ঘটনায় একজন নারীর মৃত্যু এবং আরও ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছিল।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এমএকে/