ত্রিপক্ষীয় বৈঠকে ব্যস্ত পুতিন, ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ত্রিপক্ষীয় বৈঠকে ব্যস্ত পুতিন, ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের
ক্রিমিয়া সেতু

অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে অবস্থিত রুশ-সমর্থিত কর্মকর্তারা জানিয়েছেন, গত রাতে ক্রিমিয়া সেতুতে আবারও হামলা হওয়ায় সেতুটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে এটি সেতুটির ওপর তৃতীয় দফার আক্রমণ। সড়ক ও রেলপথের সমন্বয়ে তৈরি সেতুটি ক্রিমিয়াকে দক্ষিণ-পশ্চিম রাশিয়ার ক্রাসনোদর ক্রাই অঞ্চলের সঙ্গে যুক্ত করেছে। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখল নেওয়া উপদ্বীপটিতে রুশ নিয়ন্ত্রণের প্রধান প্রতীক হিসেবে বিবেচিত হয় এ স্থাপনাটি।

বুধবার (১৮ নভেম্বর) রাতে ক্ষেপণাস্ত্র দিয়ে সেতুটিতে হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে ইউক্রেনের জেনারেল স্টাফ। এক বিবৃতিতে তারা দাবি করেছে, এ হামলায় সেতুর ওপর দিয়ে যাওয়া রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, রাশিয়ার নিযুক্ত ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, ক্রিমিয়ার সেতুতে আরেকটি হামলার ফলে যান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সকল পরিষেবা তাদের কর্মস্থলে রয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত রাতের ড্রোন হামলার কারণে সেতুটিতে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিশেষজ্ঞরা ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছেন।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের যৌথ হামলায় সেতুটির একটি অংশ ধসে পড়েছিল বলে কিয়েভের কর্মকর্তা ও সেনাবাহিনী দাবি করেছিল। সে সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই হামলাকে অভূতপূর্ব বলে বর্ণনা করে জানিয়েছিলেন, ইউক্রেনের সেতুগুলোতে মস্কোর হামলার প্রতিশোধ নিতেই এটি করা হয়েছে। ২০২২ সালে রাশিয়া পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকেই ইউক্রেনীয় বাহিনী নিয়মিত এ সেতুটিকে নিশানা করে আসছে। প্রতীকী গুরুত্বের পাশাপাশি ক্রিমিয়ায় থাকা রুশ সেনাদের কাছে রসদ পৌঁছে দেওয়ার প্রধান পথ হিসেবেও এটি ব্যবহৃত হয়। চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ঠিক আগমুহূর্তেই এ হামলার ঘটনা ঘটল।

সেতুর পাশাপাশি গত রাতে রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রেও ইউক্রেনীয় হামলার খবর পাওয়া গেছে। সেখানকার আঞ্চলিক কর্মকর্তারা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-কে জানিয়েছেন, আলমেতিয়েভস্ক শহরের কাছে থাকা তেল সংরক্ষণের ট্যাঙ্কগুলোতে এ হামলা চালানো হয়।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাতভর বেলগোরোদ, ভোরোনেঝ, কুরস্ক, লিপেৎস্ক, ওরিওল, রোস্তভ, রিয়াজান, স্মোলেনস্ক, তুলা অঞ্চল এবং তাতারস্তানের আকাশে তারা অন্তত ৫৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। পাল্টা হামলা চালিয়েছে মস্কোও। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, গত রাতে রাশিয়া তাদের ভূখণ্ডে ৯৮টি ড্রোন এবং বেশ কিছু জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে ৬১টি ছিল জেট-চালিত। ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে ৪৮টি জেট-চালিত ড্রোনসহ মোট ৬৯টি ড্রোন ভূপাতিত বা অকেজো করে দিয়েছে বলে জানানো হয়েছে। তবে দেশের ১৮টি স্থানে রুশ হামলার আঘাত লাগার খবর পাওয়া গেছে।

সূত্র: এবিসি নিউজ

/এমএকে/