শেখ হাসিনার সইসহ পাসপোর্ট ফেরতের আবেদন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
শেখ হাসিনার সইসহ পাসপোর্ট ফেরতের আবেদন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পাওয়ার উদ্যোগে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার নিজের স্বাক্ষরযুক্ত অনুমতিপত্রসহ এ দুটি নথি ফেরত পাওয়ার প্রক্রিয়া জানতে চেয়ে ঢাকায় বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন তার আইনজীবীরা।

লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারস বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো ই-মেইল পাঠিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া জানতে চেয়েছে। ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষর করা একটি ওকালতনামাও সংযুক্ত করা হয়েছে। এর মাধ্যমে তার পক্ষে আইনি পদক্ষেপ নেওয়ার আনুষ্ঠানিক অনুমতি জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগে গত ৯ নভেম্বর বাংলাদেশ হাইকমিশনে প্রথম ই-মেইল পাঠিয়েছিল ম্যাট্রিক্স চেম্বারস। সেখানে শেখ হাসিনার বাতিল হওয়া পাসপোর্ট ও এনআইডি পুনরুদ্ধারের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হয়। তবে ওই ই-মেইলের সঙ্গে তার স্বাক্ষরযুক্ত কোনো অনুমতিপত্র ছিল না।

ম্যাট্রিক্স চেম্বারস জানিয়েছে, প্রথম ই-মেইলটি হাইকমিশন গ্রহণ করেছে বলে সংবাদমাধ্যমের মাধ্যমে তারা জানতে পেরেছে। তবে ১০ দিন পার হলেও কর্তৃপক্ষের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। এ কারণে প্রয়োজনীয় তথ্য জানতে বৃহস্পতিবার আবারও যোগাযোগ করেছে প্রতিষ্ঠানটি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়েন শেখ হাসিনা। এরপর তিনি ভারতে আশ্রয় নেন। এর দুই দিনের মধ্যে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে। একই সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্রও বাতিল করা হয়।

বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনার জন্য বাংলাদেশের নাগরিক হিসেবে প্রয়োজনীয় পরিচয়পত্র ও ভ্রমণ নথি ফিরে পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে তার পাসপোর্ট ও এনআইডি পুনর্বহালের আবেদনে সাড়া দেওয়ার কোনো ইঙ্গিত এখনো দেয়নি ঢাকা। বরং গত ৯ নভেম্বর প্রথম আবেদনের খবর প্রকাশ্যে আসার পর সরকারের একাধিক মন্ত্রী জানিয়েছিলেন, শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট বা এনআইডি দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি। তাকে ভারতের কাছ থেকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে।

২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। এরপর তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক আলোচনার গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে। বাংলাদেশ একাধিকবার তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানালেও ভারত জানিয়েছে, বিষয়টি আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিবেচনা করা হবে।

এ অবস্থায় পাসপোর্ট ও এনআইডি ফিরে পেতে লন্ডনের আইনি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়ার বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এটি কেবল প্রয়োজনীয় নথি পুনরুদ্ধারের উদ্যোগ, নাকি ভবিষ্যতে বাংলাদেশে ফেরার সম্ভাব্য আইনি প্রস্তুতি, তা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। তবে পাসপোর্ট ফিরে পেলেই তার দেশে ফেরার পথ সহজ হবে, এমন নিশ্চয়তা নেই। প্রত্যর্পণ-সংক্রান্ত জটিলতা এবং আদালতের রায় এ ক্ষেত্রে বড় বাধা হয়ে রয়েছে।

এদিকে শেখ হাসিনার স্বাক্ষর নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সাধারণত তিনি ইংরেজিতে স্বাক্ষর করেন না বলে দাবি করে কেউ কেউ নতুন করে জমা দেওয়া স্বাক্ষরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

অন্যদিকে ম্যাট্রিক্স চেম্বারসের ওয়েবসাইটে ব্যারিস্টার স্টিভেন পাওলস কেসিকে শেখ হাসিনার আইনি প্রতিনিধি হিসাবে উল্লেখ করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর প্রকাশিত এক ঘোষণায় বলা হয়, তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি প্রতিনিধিত্ব করছেন।

যুক্তরাজ্যের পরিচিত আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারস প্রতিষ্ঠিত হয় ২০০০ সালের মে মাসে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি বুথসহ ২০ জনের বেশি জ্যেষ্ঠ ব্যারিস্টার প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ছিলেন। লন্ডনের গ্রে’স ইনে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়। পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভা ও বেলজিয়ামের ব্রাসেলসেও এর শাখা রয়েছে।

/এমআর/