গোপালগঞ্জ হয়ে ৪ জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
গোপালগঞ্জ হয়ে ৪ জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকায় বৃষ্টিতে ভিজে বিকল্প পথে যাত্রার অপেক্ষায় বাস ও যাত্রী

গোপালগঞ্জে সড়ক অবরোধ, বাস ভাঙচুর ও সহিংসতার আশঙ্কায় পদ্মা সেতু হয়ে চার জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট থেকে সরাসরি ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে যশোর থেকেও পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথে বাস চললেও এতে যাত্রীদের সময় ও খরচ দুটোই বেড়েছে।

পরিবহনমালিক ও শ্রমিকেরা জানিয়েছেন, চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসব জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

খুলনা

বুধবার দুপুর থেকে খুলনা-ঢাকা রুটে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহনমালিকেরা। বৃহস্পতিবার দিনভর এ পথে কোনো বাস চলেনি। অধিকাংশ কাউন্টারও বন্ধ ছিল। তবে পাটুরিয়া-আরিচা ফেরিঘাট হয়ে বিকল্প পথে কিছু বাস চলাচল করেছে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান জানান, গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও যানবাহনে ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বুধবার থেকে ওই পথে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে বৃহস্পতিবার দুপুরে পরিবহনমালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে জেলা প্রশাসক হুরে জান্নাতসহ প্রশাসন, পুলিশ ও পরিবহন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিকল্প পথে বাস চালানোর জন্য পরিবহনমালিকদের অনুরোধ জানানো হয়। জাহিদ হোসেন বলেন, গোপালগঞ্জ হয়ে ঢাকায় যাতায়াত এখন ঝুঁকিপূর্ণ। যাত্রী ও পরিবহনশ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। তাই যশোর, মাগুরা, ফরিদপুর ও রাজবাড়ী হয়ে পাটুরিয়া-আরিচা ফেরিঘাট পার হয়ে মানিকগঞ্জ দিয়ে ঢাকায় বাস চালানোর সিদ্ধান্ত হয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিকল্প পথে বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ রুটে চলাচলের জন্য তাদের প্রয়োজনীয় রুট পারমিট নেই। এ কারণে সাময়িকভাবে বাস চলাচলের ক্ষেত্রে আইনি জটিলতা এড়াতে জেলা প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সোনাডাঙ্গা কাউন্টারের ব্যবস্থাপক আবদুল কাদের জানান, বৃহস্পতিবার গোপালগঞ্জ হয়ে কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। তবে বিকল্প পথে তাদের একটি বাস বিকেলে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

সাতক্ষীরা

সাতক্ষীরা থেকেও পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ পথে কোনো বাস ছেড়ে যায়নি। তবে যশোর হয়ে আরিচা ফেরিঘাট পার হয়ে কিছু বাস ঢাকায় যাচ্ছে।

সাতক্ষীরা লাইন পরিবহনের দায়িত্বে থাকা ফরহাদ হোসেন জানান, বুধবার তাদের একটি বাস গোপালগঞ্জের ভাটিয়াপাড়া পর্যন্ত যাওয়ার পর সড়কে গাছ ফেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই সঙ্গে নড়াইলের কালনা সেতুর পরও সড়কে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। ফলে ওই পথে বাস চালানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার থেকে যশোর হয়ে বিকল্প পথে ঢাকায় যাওয়ার জন্য যাত্রী নেওয়া হচ্ছে।

পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যানবাহনের ক্ষয়ক্ষতি এড়ানো এবং চালক-শ্রমিকদের নিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিকল্প পথে চলাচলে যাত্রীদের দীর্ঘ সময় রাস্তায় থাকতে হচ্ছে।

বাস বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রীরা বিপাকে পড়েছেন। একটি বেসরকারি সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক আসাদুল ইসলামের বৃহস্পতিবার ঢাকায় জরুরি সভায় যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু কাউন্টারে গিয়ে বাস না পেয়ে তিনি দুশ্চিন্তায় পড়েন।

তিনি বলেন, বিকল্প পথে ফেরি পার হয়ে ঢাকায় পৌঁছাতে অনেক সময় লাগবে। নির্ধারিত সময়ে সভায় উপস্থিত হতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

ঢাকা থেকে সাতক্ষীরায় ফেরার পথে গোপালগঞ্জে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন যাত্রী মো. আবদুল্লাহ। তার ভাষ্য, বাসের যাত্রীদের রাজনৈতিক স্লোগান দিতে বাধ্য করা হয়। এমনকি মুঠোফোন পরীক্ষা করে রাজনৈতিক পরিচয় জানার চেষ্টা করা হয়। তিনি বলেন, সাধারণ মানুষ সংঘাত নয়, নিরাপত্তা চায়।

হামদান পরিবহনের পরিচালক রাজিব বিশ্বাস জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতক্ষীরা সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী বলেন, সাতক্ষীরা থেকে বাস ছাড়ার ক্ষেত্রে নিরাপত্তার কোনো সমস্যা নেই। তবে ঢাকায় যাওয়ার পথে কয়েকটি স্থানে ঝুঁকি থাকায় পরিবহনমালিকেরা পদ্মা সেতু হয়ে বাস চালাচ্ছেন না।

বাগেরহাট

বাগেরহাট থেকেও ঢাকা ও চট্টগ্রামসহ দূরপাল্লার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। গোপালগঞ্জ হয়ে যেতে হয়, এমন কোনো বাস বৃহস্পতিবার বাগেরহাট থেকে ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে খুলনা, পিরোজপুর ও শরণখোলাসহ অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

পরিবহন কাউন্টারগুলো সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার পর থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। বৃহস্পতিবারের টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়।

দোলা পরিবহনের কাউন্টার মাস্টার মোস্তাকিম বিল্লাহ জানান, বুধবার সকালে বাগেরহাট থেকে ছেড়ে যাওয়া একটি বাস যাত্রী নিয়ে গোপালগঞ্জ পর্যন্ত পৌঁছে আবার ফিরে আসে। নিরাপত্তাঝুঁকির কারণে বাসটি ঢাকায় যেতে পারেনি। এরপর বৃহস্পতিবারও কোনো বাস ছাড়েনি।

বাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসাপ্রত্যাশী যাত্রীরাও। বৃহস্পতিবার সকালে ঢাকায় চিকিৎসকের কাছে যাওয়ার জন্য বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসেন শহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী সেলিনা বেগম। বিভিন্ন কাউন্টারে ঘুরেও টিকিট না পেয়ে বাড়ি ফিরে যেতে হয় তাদের।

শহিদুল ইসলাম জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। অনেক অপেক্ষার পর চিকিৎসকের সাক্ষাতের সময় পেয়েছিলেন। কিন্তু বাস বন্ধ থাকায় ঢাকায় যাওয়া সম্ভব হয়নি।

বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ফকির বলেন, দূরপাল্লার বাস বন্ধ থাকলেও স্থানীয় রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার পরিবহনগুলোর মালিকানা ও পরিচালনা ব্যবস্থা আলাদা হওয়ায় সেগুলোর চলাচল বন্ধ বা চালুর সিদ্ধান্ত সংশ্লিষ্ট মালিকেরাই নিচ্ছেন।

যশোর

যশোর ও বেনাপোল থেকেও পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার বিকেল থেকে বাসগুলো পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট ব্যবহার করে ঢাকায় যাতায়াত করছে। এতে পথের দূরত্ব বাড়ার পাশাপাশি পরিবহন খরচ ও যাত্রার সময়ও বেড়েছে।

ঈগল পরিবহনের স্বত্বাধিকারী পবিত্র কাপুরিয়া জানান, গোপালগঞ্জে সহিংসতা ও অগ্নিসংযোগের পরিস্থিতির কারণে বাধ্য হয়ে যশোর-নড়াইল মহাসড়ক দিয়ে বাস চলাচল বন্ধ রাখতে হয়েছে। বিকল্প হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট হয়ে বাস চালানো হচ্ছে।

তিনি জানান, প্রতিদিন বেনাপোল, সাতক্ষীরা ও যশোর অঞ্চল থেকে ঢাকার উদ্দেশে প্রায় ২০০ থেকে ২৫০টি বাস ট্রিপ চলাচল করে। তবে যশোর থেকে নড়াইলের কালনাঘাট পর্যন্ত স্বল্প দূরত্বের বাস চলাচল অব্যাহত রয়েছে।

গোপালগঞ্জে চার ট্রেন চলাচল বন্ধ

সড়কপথের পাশাপাশি গোপালগঞ্জে রেল চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। থানা ও সংসদ সদস্যদের বাড়িতে অগ্নিসংযোগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের তৎপরতার মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গোপালগঞ্জ হয়ে চলাচলকারী খুলনাগামী ট্রেনসহ মোট চারটি ট্রেনের চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে আন্তনগর, কমিউটার ও লোকাল ট্রেন রয়েছে। এসব ট্রেন দিনে একাধিকবার যাতায়াত করত।

রেলের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গোপালগঞ্জের বিভিন্ন স্টেশনের কর্মকর্তারাও ট্রেন চলাচল বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন। স্টেশনে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন হুমকি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ট্রেন ও যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ট্রেন চলাচল শুরু হবে।

/এমআর/