রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
আন্তোনভ এএন-১২ মডেলের পরিবহন বিমান

রাশিয়ার কেমেরোভো প্রদেশে দেশটির সেনাবাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বিমানটিতে থাকা যাত্রী ও ক্রুসহ ১৯ জনের সবাই প্রাণ হারিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল আন্তোনভ এএন-১২ মডেলের।

রুশ দৈনিক দ্য মস্কো টাইমসকে কেমেরোভো প্রদেশের গভর্নর ইলিয়া সেরেদিউক জানিয়েছেন, প্রাদেশিক রাজধানী থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে ইয়াগুনোভা গ্রামের একটি জনমানবশূন্য এলাকায় বিমানটি আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছেছে। কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত দল এবং বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন এরই মধ্যে কাজ শুরু করেছে।

প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, বিমানটির চারটি ইঞ্জিনের কোনো একটিতে জ্বালানি লিকেজ হয়ে আগুন ধরে গিয়েছিল। সেই আগুনে বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় সেটি মাটিতে আছড়ে পড়ে। রুশ সংবাদমাধ্যম বাজা বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে, জ্বালানি লিকেজ হওয়া, ইঞ্জিনে আগুন এবং হাইড্রোলিক সিস্টেম বিকল হওয়াকেই এ দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, দুর্ঘটনার মুহূর্তের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজটিতে দেখা যায়, রাতের অন্ধকারে দূর আকাশে জ্বলন্ত অবস্থায় একটি বস্তু নিচের দিকে নামছে এবং মাটিতে পড়ার পরপরই বিকট বিস্ফোরণে চারপাশ আলোকিত হয়ে ওঠে। বিধ্বস্তের সময় বিমানটিতে কোনো সামরিক সরঞ্জাম বা মালামাল ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, রুশ সামরিক বাহিনীতে আন্তোনভ এএন-১২ সিরিজের বিমানগুলোর গুরুত্ব অপরিসীম। সেনা ও অস্ত্র পরিবহনের পাশাপাশি যেকোনো জরুরি উদ্ধার ও অনুসন্ধান অভিযানে এ বিমানগুলো নিয়মিত ব্যবহার করা হয়।

সূত্র: বিবিসি

/এমএকে/