মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করলো যুক্তরাজ্য

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করলো যুক্তরাজ্য
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় ঘোষণার পরপরই কঠোর কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। লন্ডনে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার। পাশাপাশি, আদালতের এ রায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকারও উদ্যোগ নিয়েছে তারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের রায়ের পর দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড সরকারের এসব সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বিচার আদালত একটি ঐতিহাসিক রায় দিয়েছেন। এ রায়ে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায় প্রতিষ্ঠিত হয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন, ‘যুক্তরাজ্য আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক আইনভিত্তিক ব্যবস্থার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করছে।’

মিয়ানমারের সামরিক শাসকদের হাতে রোহিঙ্গাদের ওপর নেমে আসা ভয়াবহ নির্যাতনের তীব্র নিন্দা জানান তিনি। মিলিব্যান্ড বলেন, ‘এসব অপরাধের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে যুক্তরাজ্য দৃঢ়প্রতিজ্ঞ।’ তিনি জানান, মিয়ানমারের ওপর আগে থেকে থাকা নিষেধাজ্ঞার পাশাপাশি এবার দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হলো। একই সঙ্গে আইসিজের রায় নিয়ে করণীয় ঠিক করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হচ্ছে।

বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ধরনের অপরাধ করে কেউ যাতে দায়মুক্তি না পায়, সে বিষয়ে আদালতের রায়ের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে হবে। রোহিঙ্গারা বছরের পর বছর ধরে সহিংসতা, বাস্তুচ্যুতি ও নিপীড়নের শিকার হয়েছেন। মিয়ানমারকে অবশ্যই আদালতের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।’

কূটনৈতিক চাপ আরও বাড়াতে লন্ডনে নিযুক্ত মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও তলব করা হচ্ছে বলে জানান এড মিলিব্যান্ড। অপরাধীদের বিচারের মুখোমুখি করতে আগামী দিনগুলোতে আরও কঠোর পদক্ষেপ আসছে বলেও তিনি ইঙ্গিত দেন। বিবৃতির শেষে রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি মিয়ানমারে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সবার অংশগ্রহণমূলক ভবিষ্যৎ গড়ে তোলার পক্ষে যুক্তরাজ্যের অবস্থানের কথা তুলে ধরেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/