ওয়ালটনের বৈদ্যুতিক গাড়ি প্রকল্পের মনিটরিং ডিরেক্টর হলেন রিফা তাছনিয়া

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ওয়ালটনের বৈদ্যুতিক গাড়ি প্রকল্পের মনিটরিং ডিরেক্টর হলেন রিফা তাছনিয়া
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের বৈদ্যুতিক যানবাহন (ইভি) প্রকল্পের মনিটরিং ডিরেক্টর হিসেবে নিয়োগপত্র পেলেন রিফা তাছনিয়া স্বর্না।

বৈদ্যুতিক যানবাহন তৈরির প্রকল্পের মনিটরিং ডিরেক্টর হিসেবে রিফা তাছনিয়া স্বর্নাকে নিয়োগ দিয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। তিনি প্রতিষ্ঠানটির প্রয়াত পরিচালক মাহবুব আলমের ছোট বোন।

ওয়ালটনের নির্বাহী কমিটির (ইসি) ৬৯তম সভায় তরুণ উদ্যোক্তা রিফা তাছনিয়াকে এ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরিত এক চিঠিতে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ওয়ালটন।

ওয়ালটনের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির বৈদ্যুতিক যানবাহন (ইলেকট্রিক ভেহিক্যাল বা ইভি) প্রকল্পের দায়িত্ব পাওয়া ব্যক্তিদের মধ্যে রিফা তাছনিয়া সর্বকনিষ্ঠ। নতুন দায়িত্বে তিনি প্রকল্পের সার্বিক কার্যক্রম তদারকি করবেন। পাশাপাশি প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন।

ওয়ালটন জানিয়েছে, ব্যবসার নতুন খাত সম্প্রসারণের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি বৈদ্যুতিক যানবাহন তৈরির প্রকল্প হাতে নিয়েছে । এ প্রকল্পের কার্যক্রম সুষ্ঠু ও পরিকল্পিতভাবে এগিয়ে নিতে রিফা তাছনিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ওয়ালটন গ্রুপের প্রয়াত পরিচালক মাহবুব আলম দেশে বৈদ্যুতিক যানবাহন উৎপাদনের স্বপ্ন দেখেছিলেন। তবে ২০২১ সালে তাঁর মৃত্যু হয়। ভাইয়ের সেই শেষ না করা উদ্যোগ এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন পেয়েছেন রিফা তাছনিয়া।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রিফা তাছনিয়া ইতিমধ্যে বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি পোশাকের ব্র্যান্ড ‘সাভাতা বাই রিফা’র প্রতিষ্ঠাতা। এ ছাড়া তিনি রেডমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার রেস্তোরাঁ কাভার অন্যতম প্রতিষ্ঠাতা।

/বিবি/