বুলগেরিয়ায় ভয়াবহ সাইবার হামলা, ৬২ মিলিয়ন পৃষ্ঠার সরকারি নথি চুরি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বুলগেরিয়ায় ভয়াবহ সাইবার হামলা, ৬২ মিলিয়ন পৃষ্ঠার সরকারি নথি চুরি
প্রতীকী ছবি

টানা ৫ বছর ধরে বুলগেরিয়ার সরকারি নেটওয়ার্কে গোপনে হানা দিয়ে ৬ কোটি ২০ লাখেরও বেশি পৃষ্ঠার নথি চুরি করেছে হ্যাকাররা। সম্প্রতি দেশটির কর্তৃপক্ষ বড় আকারের এ সাইবার গুপ্তচরবৃত্তি অভিযানটি রুখে দেওয়ার দাবি করেছে। বুধবার (১৮ নভেম্বর) বুলগেরিয়ার উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তর মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, হ্যাকাররা ২০২১ সাল থেকে সরকারি নেটওয়ার্কে অনুপ্রবেশ করে গোপনে রাষ্ট্রীয় কার্যক্রম সংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল সব তথ্য হাতিয়ে নিচ্ছিল। উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তর মন্ত্রী ইভান ভাসিলেভ জানান, হ্যাকাররা কমপক্ষে ১৩০ গিগাবাইট নথি ডাউনলোড করেছে, যা ৬২ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার সমান। তবে স্বস্তির বিষয় হলো, তদন্তে এখন পর্যন্ত সাধারণ নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার কোনো প্রমাণ মেলেনি।

মূলত আগস্ট মাসে নতুন একটি জাতীয় সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণ ব্যবস্থায় সরকারি নেটওয়ার্কে সন্দেহজনক কার্যকলাপ ধরা পড়লে বিষয়টি সামনে আসে। এরপরই পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ এবং সাইবার বিশেষজ্ঞদের নিয়ে একটি যৌথ টাস্ক ফোর্স গঠন করা হয়।

টাস্ক ফোর্স গঠনের পর ক্ষতিগ্রস্ত সিস্টেমগুলোকে মূল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে সরকারি অবকাঠামোতে হ্যাকারদের প্রবেশের পথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। মন্ত্রণালয় আশ্বস্ত করেছে, এখন পর্যন্ত শনাক্ত হওয়া সব অননুমোদিত সংযোগ কেটে দেওয়ায় ক্ষতিগ্রস্ত সিস্টেমগুলো দিয়ে আর অনুপ্রবেশের সুযোগ নেই। তবে হ্যাকাররা যাতে পুনরায় ভেতরে ঢোকার চেষ্টা করতে না পারে, সেজন্য ক্ষতিগ্রস্ত অবকাঠামোটি আগামী ৯০ দিন কড়া নজরদারির আওতায় রাখা হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/