কুড়াল দিয়ে ৬০ মিলিয়ন ডলারের মার্কিন সামরিক বিমান ধ্বংসের অভিযোগ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
কুড়াল দিয়ে ৬০ মিলিয়ন ডলারের মার্কিন সামরিক বিমান ধ্বংসের অভিযোগ
কোলাজ: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে পার্ক করা ৬০ মিলিয়ন ডলার মূল্যের একটি মার্কিন সামরিক বিমান ধ্বংস করার অভিযোগে ৪৮ বছর বয়সী এক আইরিশ নাগরিকের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন কর্তৃপক্ষ। ডেইথি ও’কোরেন নামের ও ব্যক্তির বিরুদ্ধে রাসায়নিক পদার্থ ও কুড়াল ব্যবহার করে বিমানটিতে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ আনা হয়েছে।

নিউইয়র্কের প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, লিমেরিকের নিকটবর্তী শ্যানন বিমানবন্দরে থাকা ইউএস এয়ার ন্যাশনাল গার্ডের সি-১৩০ হারকিউলিস বিমানটিতে হামলার আগে দীর্ঘ পরিকল্পনা করেছিলেন ও’কোরেন। মার্কিন আইনজীবীরা তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ এনেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতে প্রকাশিত এফবিআই নথিতে বলা হয়েছে, এ ঘটনা মার্কিন জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করেছে। বিমানটি সে সময় অন্য কোনো দেশে মার্কিন সামরিক দায়িত্ব পালনের পথে শ্যানন বিমানবন্দরে যাত্রাবিরতিতে ছিল।

আদালতে দাখিল করা এক নথিতে প্রসিকিউটররা বলেছেন, অভিযোগ অনুযায়ী, দাইথি ও’কোরেন একটি মার্কিন সামরিক বিমানের ওপর ইচ্ছাকৃত ও পরিকল্পিত হামলা চালিয়েছিলেন, যার ফলে কয়েক কোটি ডলারের ক্ষতি হয়েছে এবং গুরুত্বপূর্ণ সামরিক অভিযানগুলো বিপন্ন হয়েছে।

এফবিআই-এর দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক জেমস বারনাকল জুনিয়র বলেন, এটি কোনো স্বতঃস্ফূর্ত ভাঙচুরের ঘটনা ছিল না। তিনি আরও বলেন, ও’কোরেন বিমানটি নিয়ে কয়েক মাস ধরে গবেষণা করেছেন, সরঞ্জাম ও উপকরণ সংগ্রহ করেছেন এবং তিনি যে ধ্বংসযজ্ঞ ঘটাতে পারেন, তার মাত্রা সর্বোচ্চ করার জন্য প্রস্তুতি নিয়েছেন। তদন্ত সংশ্লিষ্টরা জানান, ২০২৬ সালের ১১ এপ্রিলের এ হামলার জন্য দীর্ঘ প্রস্তুতি নিয়েছিলেন ওই ব্যক্তি।

মার্কিন অভিযোগপত্রে বলা হয়েছে, এরপর ও’কোরেন বিমানটির ভেতরে তারের বান্ডিল ও হাইড্রলিক লাইন কাটা, তরল অক্সিজেনের একটি লাইন মুচড়ে দেওয়া, ককপিটের প্রতিটি গেজ নষ্ট করা এবং এয়ার ডাক্টগুলোতে ছিদ্র করার মতো কাজের মাধ্যমে বিমানটির অভ্যন্তরে মারাত্মক ক্ষতিসাধন করে।

হামলায় অ্যালুমিনিয়াম ও ইস্পাত ক্ষয়কারী রাসায়নিক পদার্থ গ্যালিয়াম, জ্বালানি ট্যাঙ্কে ঢেলে দেওয়ার জন্য বল বিয়ারিং এবং বিমানের বাইরের অংশ ফুটো করতে একটি কুড়াল ব্যবহার করা হয়। তবে তদন্তে দেখা গেছে, বিমানটির যে লাইনটি কাটলে ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারত, সেটির ক্ষতিসাধন থেকে সচেতনভাবে বিরত ছিলেন তিনি। বিমানবন্দর কর্মীরা তাকে হাতেনাতে ধরে ফেলেন এবং সেসময় তাকে বিমানের ছাদে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঘটনার পরপরই আয়ারল্যান্ডের জাতীয় পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়।

সূত্র: বিবিসি

/এমএকে/