যুদ্ধের শঙ্কা: এক লাখ রিজার্ভ ও সাবেক সেনাকে তৈরি থাকার নির্দেশ যুক্তরাজ্যের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
যুদ্ধের শঙ্কা: এক লাখ রিজার্ভ ও সাবেক সেনাকে তৈরি থাকার নির্দেশ যুক্তরাজ্যের
ব্রিটিশ সেনাবাহিনীর সদস্যরা

রাশিয়ার ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকির মুখে বড় ধরনের সামরিক প্রস্তুতির পথে হাঁটছে যুক্তরাজ্য। সম্ভাব্য যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলায় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) দেশটির প্রায় এক লাখ রিজার্ভ ও সাবেক সামরিক সদস্যের কাছে চিঠি পাঠিয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দ্য টেলিগ্রাফ সর্বপ্রথম এ খবর সামনে আনে। পরবর্তীতে স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রতিরক্ষা সচিব ওয়েস স্ট্রিটিং বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, ব্রিটেন ও ন্যাটো মিত্রদের বর্তমান নাজুক নিরাপত্তা পরিস্থিতির কথা ভেবেই এ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

শীতল যুদ্ধের পর এ প্রথম ব্রিটিশ সেনাবাহিনী, রয়্যাল নেভি এবং রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) প্রাক্তন সদস্যদের কাছে এমন চিঠি পাঠানো হলো। চিঠিতে রিজার্ভ সদস্যদের বর্তমান ঠিকানা, পেশা ও দক্ষতা সম্পর্কে তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে। পাশাপাশি ২০২৭ সালে অনুষ্ঠিতব্য ন্যাটোর বড় সামরিক মহড়া ‘স্টেডফাস্ট ডিফেন্ডার’-সহ অন্যান্য প্রশিক্ষণে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দেওয়ার সুযোগও রাখা হয়েছে।

এর আগে অক্টোবরে স্ট্রিটিং বলেছিলেন, রাশিয়ার বাড়তি সামরিক সক্ষমতা ও হাইব্রিড যুদ্ধের মোকাবিলায় ২০৩০ সালের মধ্যে ব্রিটেনকে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। বর্তমানে ব্রিটেনের নিয়মিত সেনাবাহিনীতে সক্রিয় সদস্য সংখ্যা মাত্র ৭৩ হাজার। ফলে জরুরি প্রয়োজনে প্রাক্তন ও অভিজ্ঞ সৈনিকদের দ্রুত একত্রিত করার এ কৌশলগত রিজার্ভ ব্যবস্থা দেশটির প্রতিরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সম্প্রতি ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের মহড়া চলাকালে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ওই ঘটনার কড়া নিন্দা জানান এবং পোল্যান্ড ন্যাটোর পূর্বাঞ্চলে বাড়তি সহায়তা চায়। ঘটনার এক সপ্তাহের মাথায় ব্রিটেনের এ চিঠি পাঠানোর খবর এলো। এছাড়া উত্তর আটলান্টিকের তলদেশে রুশ হুমকি ঠেকাতে চলতি মাসেই ড্রোন, সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ৯০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে লন্ডন।

ইউরোপে মার্কিন সেনা মোতায়েন নিয়ে ওয়াশিংটনের পর্যালোচনার খবরে ন্যাটো মিত্রদের মধ্যে যখন প্রতিরক্ষা ঘাটতির উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই ব্রিটেন নিজেদের প্রস্তুতি জোরদার করছে। তবে কোনো অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়াতে রাশিয়ার সঙ্গে সামরিক যোগাযোগের চ্যানেল খোলা রাখার পক্ষেও মত দিয়েছেন স্ট্রিটিং। ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন, এ চিঠি মানেই এখনই যুদ্ধে নামার আদেশ নয়, বরং এটি একটি আগাম প্রস্তুতি।

সূত্র: জেরুজালেম পোস্ট

/এমএকে/