মহাকাশে পারমাণবিক অস্ত্রসজ্জিত স্যাটেলাইট পাঠাচ্ছে রাশিয়া: প্রতিবেদন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মহাকাশে পারমাণবিক অস্ত্রসজ্জিত স্যাটেলাইট পাঠাচ্ছে রাশিয়া: প্রতিবেদন
ভস্তোচনি কসমোড্রোম থেকে সৌজ-২ মহাকাশযান উৎক্ষেপণ

চলতি বছরই মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী একটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে রাশিয়া। ন্যাটোভুক্ত দেশগুলোর গোয়েন্দা সংস্থাগুলো এমন তথ্যই পেয়েছে বলে সোমবার (২৩ নভেম্বর) জার্মানির কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

জার্মান সম্প্রচারমাধ্যম এনডিআর, ডব্লিউডিআর এবং দৈনিক সুয়েডডয়েচে সাইটুং-এর এক যৌথ প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা বিএনডি এবং সশস্ত্র বাহিনীসহ পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা সংস্থাগুলো নিজেদের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান করেছে। তথ্য বলছে, ‘স্পুটনিক-এস’ নামের উপগ্রহটি বেশ কয়েক বছর আগেই তৈরি করা হয়েছে এবং বর্তমানে এটি মস্কো অঞ্চলেই রাখা আছে। তবে এ বিষয়ে জানতে চেয়ে বার্লিনে রুশ দূতাবাস, জার্মানির বিএনডি এবং ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কারও সাড়া পাওয়া যায়নি।

মহাকাশে রাশিয়ার এমন তৎপরতা নিয়ে পশ্চিমা বিশ্বের উদ্বেগ অবশ্য নতুন নয়। এর আগে ২০২৪ সালেও মার্কিন কর্মকর্তারা দাবি করেছিলেন, মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে শত্রুপক্ষের স্যাটেলাইট অকেজো করে দেওয়ার মতো অস্ত্র তৈরি করছে মস্কো। যদিও রাশিয়া সে সময় এ অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছিল।

মার্কিন কর্মকর্তাদের মতে, মস্কো দীর্ঘ বছর ধরে এমন একটি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে, যা স্পেসএক্সের বিশাল স্টারলিংক ইন্টারনেট ব্যবস্থার মতো পুরো স্যাটেলাইট নেটওয়ার্ককে এক নিমেষে ধ্বংস করে দিতে পারে। উল্লেখ্য, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনীয় সেনারা যোগাযোগের জন্য এই স্টারলিংক নেটওয়ার্কের ওপরই ব্যাপকভাবে নির্ভরশীল।

সূত্র: জিও নিউজ

/এমএকে/