মার্কিন নৌবাহিনীতে যুক্ত হচ্ছে চালকবিহীন যুদ্ধবিমান

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মার্কিন নৌবাহিনীতে যুক্ত হচ্ছে চালকবিহীন যুদ্ধবিমান
চালকবিহীন যুদ্ধবিমান আনছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রযুক্তির ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান ‘এফ/এ-এক্সএক্স’ তৈরির কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই রণতরির বহরে চালকবিহীন যুদ্ধবিমান বা ড্রোন যুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। বর্তমানে বহরে থাকা চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর সহযোগী হিসেবেই মূলত আধুনিক এ ড্রোনগুলো আকাশে উড়বে।

সম্প্রতি মার্কিন সিনেটের এক শুনানিতে নৌবাহিনীর ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি উইলিয়াম টোটি এ পরিকল্পনার কথা জানান। পাইলটবিহীন এ যুদ্ধবিমানগুলোর নাম রাখা হয়েছে ‘কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট’ বা সিসিএ। কম খরচে তৈরি এসব ড্রোন বিমানবাহী রণতরির আক্রমণ করার ক্ষমতা এবং কাজের পরিধি আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে। মূলত পাইলটচালিত যুদ্ধবিমানের সঙ্গে তাল মিলিয়ে সরাসরি ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানে অংশ নেওয়ার উপযোগী করেই এগুলোর নকশা করা হচ্ছে।

এর আগে ২০২৫ সালে এ ড্রোনগুলোর নকশা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল অ্যান্ডুরিল, বোয়িং, জেনারেল অ্যাটমিকস এবং নর্থরপ গ্রুম্যানের মতো প্রতিষ্ঠানকে। নৌবাহিনীর রণতরির জন্য এর আগে ‘এমকিউ-২৫ স্টিংরে’ নামের যে ড্রোনটির পরিকল্পনা করা হয়েছিল, সেটির মূল কাজ ছিল আকাশে থাকা অবস্থায় অন্য বিমানে জ্বালানি সরবরাহ করা। তবে নতুন সিসিএ ড্রোনগুলো কেবল সহযোগী হিসেবে নয়, বরং সরাসরি সম্মুখযুদ্ধেও অংশ নিতে পারবে। পাশাপাশি মার্কিন নৌবাহিনী, বিমানবাহিনী ও মেরিন কর্পসের মধ্যে একটি সমন্বিত নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরির কাজও এগিয়ে চলছে। এ ব্যবস্থা চালু হলে এক বাহিনীর পাইলটরা প্রয়োজনে অন্য বাহিনীর ড্রোনও নিয়ন্ত্রণ করতে পারবেন।

মূলত ২০২৪ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের আগেই চীন তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করলে আকাশপথে নিজেদের আধিপত্য ধরে রাখতে নড়েচড়ে বসে পেন্টাগন। মার্কিন নৌবাহিনীর ‘এফ/এ-এক্সএক্স’ এবং বিমানবাহিনীর ‘এফ-৪৭’ যুদ্ধবিমান দুটি এখনো পরীক্ষামূলক উড্ডয়নের পর্যায়ে পৌঁছাতে পারেনি। সেই ঘাটতি মেটাতে এবং বিকল্প শক্তি হিসেবে দ্রুততম সময়ের মধ্যে চালকবিহীন এ যুদ্ধবিমানগুলো বহরে যুক্ত করার পথ বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র: মিলিটারি ওয়াচ ম্যাগাজিন

/এমএকে/