জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু, জেনে নিন খুঁটিনাটি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু, জেনে নিন খুঁটিনাটি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

এবার পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউনিটগুলো হলো—‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স), ‘বি’ ইউনিট (কলা ও আইন), ‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ), ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান) এবং ‘ই’ ইউনিট (চারুকলা)। প্রতিটি ইউনিটে আবেদনের জন্য পৃথক জিপিএ শর্ত ও ফি নির্ধারণ করা হয়েছে।

কোন ইউনিটে আবেদনে কত জিপিএ লাগবে

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউনিটভেদে ন্যূনতম জিপিএর শর্তগুলো হলো—

‘এ’ ইউনিট: বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত এ ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না। আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।

‘বি’ ইউনিট: কলা ও আইন অনুষদভুক্ত এ ইউনিটে আবেদনের জন্য দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ প্রয়োজন। পৃথকভাবে কোনো পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর নিচে থাকা যাবে না। আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।

‘সি’ ইউনিট: বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত এ ইউনিটে আবেদন করতে এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না। আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।

‘ডি’ ইউনিট: সামাজিক বিজ্ঞান অনুষদের এ ইউনিটে আবেদনের জন্য দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। পাশাপাশি কোনো একক পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর নিচে থাকা যাবে না। আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।

‘ই’ ইউনিট: চারুকলা অনুষদভুক্ত এ ইউনিটে আবেদনের ন্যূনতম যোগ্যতা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৫.৫০। তবে কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০-এর কম হলে আবেদন করা যাবে না। এ ইউনিটের আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা।

দুটি বিষয়ে অনুত্তীর্ণ হলেও আবেদনের সুযোগ

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও নির্ধারিত শর্তে আবেদন করতে পারবেন। তবে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত যোগ্যতা পূরণ করতে না পারলে তাঁদের আবেদন বাতিল করা হবে।

জানুয়ারিতে ভর্তি পরীক্ষা, সূচি প্রকাশ

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নেওয়া হবে। প্রকাশিত সূচি অনুযায়ী, ১ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি আবেদনের নিয়ম, যোগ্যতা ও পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি–বিষয়ক ওয়েবসাইট admission.jnu.ac.bd এ।

/এবি/