শিরোনাম

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

আন্তর্জাতিক জার্নাল
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

দীর্ঘ রাজনৈতিক আলোচনা ও নানা নাটকীয়তা শেষে ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। রবিবার (১০ মে) সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এক জমকালো আয়োজনে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

থালাপতি বিজয় তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) প্রধান হিসেবে এই নতুন সরকার গঠন করছেন। এর মধ্য দিয়ে বিগত প্রায় ৬০ বছরের ইতিহাসে প্রথম রাজ্যের প্রধান দুই রাজনৈতিক দল দ্রাবিড় মুনেত্র কাজগম (ডিএমকে) পার্টি এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম (এআইএডিএমকে) পার্টি ছাড়াই তামিলনাড়ুতে কোনো সরকার গঠিত হলো।

শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত
শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

এদিন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়কে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। তিনি নবনিযুক্ত মুখ্যমন্ত্রীকে পদ ও গোপনীয়তার শপথ পাঠ করান।

অনুষ্ঠানে ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধী, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং টিভিকে-র জোটসঙ্গীরা উপস্থিত ছিলেন।

থালাপতি বিজয়কে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। ছবি: সংগৃহীত
থালাপতি বিজয়কে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, সম্প্রতি অনুষ্ঠিত তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল টিভিকে ১০৮টিতে জয়লাভ করে। নিয়ম অনুযায়ী, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করতে থালাপতি বিজয়কে নানা নাটকীয়তা মধ্য দিয়ে যেতে হয়েছে। গত পাঁচদিন ধরে রাজ্যপালের সঙ্গে চারটি বৈঠক এবং সম্ভাব্য মিত্রদের সমর্থন পেতে টানা আলোচনা চলে। এ সময় সরকার গঠনে বিজয়ের দল কংগ্রেসের পাঁচজন বিধায়ক, ভিসিকে-র দুইজন, সিপিআইয়ের দুইজন, সিপিআইএমের দুই জন এবং আইইউএমএলের দুইজন বিধায়কের সমর্থন লাভ করে এবং অবশেষে তিনি সরকার গঠনে সক্ষম হন।

/এফআর/