শান্তিচুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
শান্তিচুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের

গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনের ধাক্কার পর ইরান যুদ্ধ অবসানের প্রচেষ্টা জোরদার করতে সোমবার (৯ নভেম্বর) কাতারভিত্তিক প্রধান মধ্যস্থতাকারীর সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তবে ঊর্ধ্বতন মার্কিন ও উপসাগরীয় কর্মকর্তারা এখনই কোনো চুক্তির সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে শুরু করা যুদ্ধের আট মাসেরও বেশি সময় পার হলেও কোনো পক্ষ সুনিদির্ষ্টভাবে জয়ী হতে পারে নি। এমন পরিস্থিতিতে ট্রাম্প শিগগিরই বড় ধরনের যুদ্ধ পুনরায় শুরু হওয়ার সম্ভাবনাকে গুরুত্বহীন করে দেখিয়েছেন।

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-খানি সম্প্রতি তেহরান সফর শেষ করেছেন। সোমবার ওয়াশিংটনে তিনি ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে বসছেন। সংঘাতের শুরু থেকেই কাতার প্রধান মধ্যস্থতাকারী হিসেবে দুই দেশের বার্তা আদান-প্রদান ও মতপার্থক্য দূর করার কাজ করে আসছে। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স, যিনি গত জুনে একটি স্বল্পস্থায়ী যুদ্ধবিরতির আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন, তিনিও আল-থানির সঙ্গে আলাদা বৈঠক করবেন।

ইরানের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয়, কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং বোমা হামলা বন্ধ করে, তবে তেহরানও হরমুজ প্রণালির অবরোধ সরিয়ে নেবে। এরপর পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা শুরু হতে পারে।

তেহরানের মতে এ প্রক্রিয়া দুই দিনের মধ্যে সম্পন্ন করা সম্ভব হলেও ওয়াশিংটন তা বারবার নাকচ করে দিয়েছে। রবিবার (৮ নভেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তেহরানের এসব শর্তকে অত্যন্ত আপত্তিকর, হাস্যকর এবং একেবারেই অবাস্তব বলে উল্লেখ করেছেন। তবে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ প্রস্তাবকে আলোচনার টেবিলে থাকা সবচেয়ে যুক্তিসঙ্গত বিকল্প হিসেবে দাবি করেছেন।

অন্যদিকে রবিবার সিএনএন-কে দেওয়া এক সাক্ষাতকারে ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হলে এবং একটি শক্তিশালী চুক্তি সই হলে নতুন করে হামলা চালানোর প্রয়োজনীয় হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। তবে সামরিক অভিযান আবার শুরু হলে হামলা চালানোর জন্য মার্কিন বাহিনী ইতোমধ্যে ৩৮টি সেতুসহ বেশ কিছু কৌশলগত অবকাঠামো চিহ্নিত করে রেখেছে বলে জানান তিনি।

সূত্র: এনবিসি নিউজ

/এমএকে/