শিরোনাম

হামের প্রাদুর্ভাব: আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাব: আরও ৬ শিশুর মৃত্যু
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৩ জনে। তাদের মধ্যে উপসর্গ নিয়ে ৮৭৪ এবং নিশ্চিত হামে আরও ৯৯ শিশু মারা গেছে।

সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ (সোমবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন ও বরিশাল বিভাগে এক শিশুর মৃত্য হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৯৪ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ১ হাজার ১৬২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ১ হাজার ৯৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (সোমবার) পর্যন্ত মোট ১ লাখ ৭৭ হাজার ৩০৩ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ শিশু। এছাড়া, এই সময়ে মোট ১ লাখ ৩৩ হাজার ৪০৪ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

/এফআর/