শিরোনাম

স্থানীয় সরকার নির্বাচনে ভোটার প্রায় ১২ কোটি ৮৮ লাখ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার প্রায় ১২ কোটি ৮৮ লাখ
হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ উপলক্ষে মিডিয়া ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকায় নতুন করে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন ভোটার যুক্ত হয়েছে। সেই হিসাবে দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ উপলক্ষে মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, এ ভোটার নিয়ে আমরা স্থানীয় সরকার নির্বাচনে এগিয়ে যাব। ৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হয়েছেন তারাই ভোট দিতে পারবেন।

নতুন তালিকা অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৬৭ জন।

গত ১৪ মে প্রকাশিত ভোটার তালিকায় দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এরপর স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার সুযোগ দেওয়া হয়।

৯ আগস্ট ওই হালনাগাদের খসড়া তালিকা প্রকাশ করা হয়। খসড়া তালিকা নিয়ে দাবি-আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণের পর তা নিষ্পত্তি করে সোমবার চূড়ান্ত তালিকা প্রকাশ করলো ইসি।

ভোটকেন্দ্রও চূড়ান্ত

ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকাও চূড়ান্ত হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনে গড়ে প্রতি ২ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র রাখার পরিকল্পনা রয়েছে।

এর আগে ইসি জানিয়েছিল, ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন মিলিয়ে সারা দেশে সংসদ নির্বাচনের তুলনায় ২ থেকে ৩ হাজার বেশি ভোটকেন্দ্র হতে পারে।

প্রতি স্তরের স্থানীয় সরকার নির্বাচনের ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্ত করে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

/এফসি/