শিরোনাম

ইরানকে চাপে ফেলতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইরানকে চাপে ফেলতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার কৌশল হিসেবে দেশটির ওপর চাপ আরও জোরদার করছে ওয়াশিংটন। চলমান পরিস্থিতির মধ্যেই চলতি সপ্তাহে তেহরানের আরও একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা চাপানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। রবিবার (৩০ আগস্ট) যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সংবাদ মাধ্যম এপি-কে দেওয়া সাক্ষাৎকারে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু ব্যাংকটির নাম প্রকাশ করেননি তিনি।

ইরানের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগে মিসরের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ‘ব্যাংক মিসর’-এর সংযুক্ত আরব আমিরাত শাখাকে মার্কিন আর্থিক ব্যবস্থা থেকে বাদ দেওয়ার ঘোষণার কয়েক দিনের মাথায় এ নতুন সিদ্ধান্ত সামনে এল।

সাক্ষাৎকারে স্কট বেসেন্ট জানান, ‘প্রয়োজন হলে আমরা আর্থিক সহিংসতার পথই বেছে নেব। আমরা তাদের বুঝিয়ে দিচ্ছি, আপনারা কারা তা আমরা জানি, আপনারা নিজেরাও জানেন আপনারা কারা। এসব কর্মকাণ্ড অবশ্যই বন্ধ হতে হবে।’ রয়টার্সকে দেওয়া অপর একটি সাক্ষাৎকারে তিনি বলেন, প্রয়োজনে যেকোনো আর্থিক প্রতিষ্ঠানকে ডলার-ভিত্তিক লেনদেন ব্যবস্থা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হতে পারে।

উত্তর ক্যারোলিনার অ্যাশভিলে আয়োজিত জি-২০ জোটের অর্থমন্ত্রীদের বৈঠকের আগে রবিবার (৩০ আগস্ট) তিনি মন্তব্য করেন, ‘প্রতি সপ্তাহেই আপনারা এমন আরও অনেক পদক্ষেপ দেখতে পাবেন। আমরা ব্যাংকগুলোকে দিয়েই শুরু করছি এবং তাদের জানিয়ে দিচ্ছি, ইরানি অর্থ রাখা বা শাসনব্যবস্থাকে সহায়তা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়ার পর ওয়াশিংটনের শর্ত মানতে তেহরানকে বাধ্য করতে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামের অর্থনৈতিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহেও তেল বিক্রি, অস্ত্র সংগ্রহ এবং সাইবার চালনায় ইরানকে সহায়তার অভিযোগে প্রায় ৬০টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করে মার্কিন ট্রেজারি বিভাগ।

তবে এসব পদক্ষেপকে তোয়াক্কা করছে না ইরান। দেশটির অর্থ ও অর্থনৈতিক বিষয়কমন্ত্রী আলি মাদানিজাদেহ যুক্তরাষ্ট্রের এসব নিষেধাজ্ঞাকে পুরোপুরি ব্যর্থ বলে দাবি করেছেন। এ টানাপোড়েনের মাঝেই জুলাইয়ের পর রবিবার প্রথমবারের মতো নতুন করে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ে। দক্ষিণ ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে থাকা দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

এদিকে জি-২০ অর্থমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে বৈশ্বিক ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বেসেন্ট। চীন যাতে ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত না রাখে সে বিষয়ে তিনি জানান, বেইজিংয়ের ওপর কঠোর পদক্ষেপ নেওয়ার সব পথই খোলা রয়েছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/