শিরোনাম

বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

পঞ্চগড় সংবাদদাতা
পঞ্চগড় সংবাদদাতা
বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
পঞ্চগড় সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

বাংলাদেশের গর্ভবতী মা ও নবজাতকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র থেকে ২৪ লাখ মার্কিন ডলারের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (৩১ আগস্ট) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশজুড়ে পরিচালিত ২৪ লাখ ডলারের একটি প্রকল্পের আওতায় এসব চিকিৎসা সরঞ্জাম ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। বিশেষ করে সন্তান প্রসব ও নবজাতকের যত্নে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের অংশ হিসেবে স্বাস্থ্য খাতে সহযোগিতা অব্যাহত রয়েছে। সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের পাশাপাশি মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবাতেও সহায়তা দেওয়া হচ্ছে।’

এর আগে, তিন দিনের সফরে গতকাল রবিবার উত্তরাঞ্চলে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সফরের দ্বিতীয় দিনে আজ (সোমবার) সকালে তিনি পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরোপয়েন্ট পরিদর্শন করেন। পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত।

হাসপাতাল পরিদর্শনকালে তার সহধর্মিণী ডিয়ানডাও, পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/