শিরোনাম

হামে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১২৪৮

বিশেষ প্রতিনিধি
হামে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১২৪৮
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

দেশে হামের সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে এই রোগে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ২৪৮ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে।

আজ বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র বলছে, গত ২৪ ঘণ্টায়, নতুন আক্রান্ত (সন্দেহভাজন) ১ হাজার ২৪৮ জন। আর নিশ্চিত আক্রান্ত (ল্যাব টেস্টে) হয়েছেন ১৮৯ জন, হাসপাতালে ভর্তি ৫৬৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯৯ জন। গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন।

আক্রান্তের হার বিবেচনায় বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩৩২ জন (সর্বোচ্চ), চট্টগ্রাম বিভাগে ২৩৫ জন, রাজশাহী বিভাগে ২৭৩ জন, বরিশালে ৭১ জন, খুলনায় ১০৮ জন, ময়মনসিংহ ২৮ জন, রংপুরে ৬১ জন এবং সিলেটে ৪০ জন আক্রান্ত হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, দেশে মোট সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৩৬ জনে। এর মধ্যে পরীক্ষাগারে সংক্রমণ নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ১ হাজার ২৯৯ জন। এই সময়ের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮ জনে। যার মধ্যে ২১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন।

আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থতার হারও আশাব্যঞ্জক। এ পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে মোট ৫ হাজার ২৪১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭ হাজার ৫৭৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। শিশুদের জ্বর বা শরীরে র‌্যাশ দেখা দিলে দ্রুত কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে।

/বিবি/