
সিটিজেন ডেস্ক

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকা থাকা মানুষদের কারণে মৃতের সংখ্যা প্রাথমিকভাবে ৮৯ হলেও তা আরও বাড়তে পারে।
মন্ত্রী বলেছেন, ‘আক্রমণের মাত্রা অত্যন্ত ব্যাপক।’
তিনি আরও উল্লেখ করেছেন, লেবানন বর্তমানে একটি গুরুতর হামলার সম্মুখীন হয়েছে। বৈরুত, দাহিয়েহ, বেকা, মাউন্ট লেবানন এবং দক্ষিণাঞ্চলের নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ১০০টিরও বেশি বিমান হামলা চালানো হয়েছে।
নাসেরেদ্দিন বলেন, ইসরায়েলি বিমান হামলায় হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র এবং অ্যাম্বুলেন্সকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ফলে আহতদের চিকিৎসা কার্যক্রমে বড় ধরনের বাধার সৃষ্টি হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বৈরুতের সবচেয়ে বড় হামলার ঘটনা ঘটায় লেবাননের সংসদ স্পিকার নাবিহ বেরি ইসরায়েলের সর্বশেষ হামলাকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ হিসেবে নিন্দা করেছেন।
স্পিকার বেরি বলেন, এই হামলায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি, বেকা উপত্যকার বিস্তীর্ণ এলাকা, মাউন্ট লেবানন, সিডন এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম লক্ষ্যবস্তু হয়েছে। এর ফলে ঘনবসতিপূর্ণ এলাকায় শত শত বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন।
বেরি আরও বলেন, ‘আজকের এই অপরাধ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি কঠিন পরীক্ষা। এটি সমস্ত আন্তর্জাতিক আইন, রীতিনীতি ও প্রথার প্রতি একটি উন্মুক্ত চ্যালেঞ্জ, যা ইসরায়েল বেসামরিক নাগরিকদের ওপর ক্রমাগত হামলা চালিয়ে লঙ্ঘন করছে।’
তিনি লেবাননের রাজনৈতিক, ধর্মীয় ও নাগরিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, ‘ভুক্তভোগীদের পাশে ঐক্যবদ্ধ হতে হবে,’ কারণ দেশটি ‘ইসরায়েলের নির্মূল অভিযানের বর্বরতা মোকাবেলায় দাঁড়াচ্ছে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ‘সংঘাতপূর্ণ অঞ্চল জুড়ে’ যুদ্ধবিরতি লঙ্ঘনের যেসব খবর এসেছে, তা শান্তি প্রক্রিয়ার মূল চেতনাকে ক্ষুণ্ণ করছে। তিনি যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে সরাসরি কোনো নির্দিষ্ট ঘটনা উল্লেখ করেননি।
তিনি সকল পক্ষের প্রতি সংযম প্রদর্শন করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি অনুরোধ করেছেন, সম্মত হওয়া অনুযায়ী দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে সম্মান জানানো হোক, যাতে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে কূটনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
শাহবাজ শরীফ এ বার্তাটি এক্স-এ (সাবেক টুইটার) পোস্টের মাধ্যমে এসব কথা বলেন।
সূত্র: আল জাজিরা

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত ২ মার্চের পর লেবাননে ইসরায়েল আজ সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে। এ ঘটনার জবাবে এবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়া হয়েছে বলে জানা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, লেবানন সীমান্ত-সংলগ্ন শতুলা ও পশ্চিম গ্যালিলি অঞ্চলের অন্যান্য শহরে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হচ্ছে।
এর আগে হিজবুল্লাহ কর্মকর্তারা জানান, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল এবং ইসরায়েলে হামলা স্থগিত রেখেছে। কিন্তু ইসরায়েলের বিমানবাহিনী লেবাননে নতুন দফার হামলা চালায়, এতে কয়েক শতাধিক মানুষ হতাহত হয়েছেন। মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুতসহ বিভিন্ন এলাকায় ১০০টিরও বেশি বিমান হামলা চালানো হয়েছে। তাই যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তেহরান বারবার জানিয়েছে, লেবাননের ফ্রন্টও এই যুদ্ধবিরতির আওতায় রয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটি নাকচ করেছেন।
ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, কোনো ধরনের আপস ছাড়াই হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকবে।
সূত্র: আল জাজিরা
ইরান ও লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলার ঘটনায় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
বুধবার (৮ এপ্রিল) বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আরাগচি এই আলাপের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, চলমান সংঘাত, বিশেষ করে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
এ সময় যুদ্ধ বন্ধে এবং অঞ্চলে শান্তি ও নিরাপত্তা জোরদারে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন তিনি। আরাগচি বলেন, এ ক্ষেত্রে পাকিস্তানের ‘কার্যকর কূটনৈতিক প্রচেষ্টা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সূত্র: আল জাজিরা
লেবাননের ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা চালিয়ে ‘অসহায় বেসামরিক নাগরিকদের’ হত্যা করছে ইসরায়েল—এমন অভিযোগ তুলেছেন দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম।
তিনি বলেন, ইসরায়েল ধারাবাহিকভাবে জনবহুল এলাকায় আঘাত হানছে, যার ফলে সাধারণ মানুষের প্রাণহানি বাড়ছে।
তার ভাষায়, ‘ইসরায়েল যুদ্ধ বন্ধে আঞ্চলিক ও আন্তর্জাতিক সব প্রচেষ্টার প্রতিই সম্পূর্ণ উদাসীন। আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতিগুলোর প্রতিও তাদের চরম অবজ্ঞা রয়েছে।’
লেবাননের প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, ইসরায়েল কখনোই এসব আন্তর্জাতিক বিধানকে সম্মান করেনি। চলমান পরিস্থিতিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি আহ্বান জানান।
তিনি বলেন, ‘লেবাননের সকল বন্ধুদের প্রতি আহ্বান—এই আগ্রাসন বন্ধ করতে আমাদের সর্বাত্মক সহায়তা করুন।’
এই বক্তব্যের মাধ্যমে লেবাননের পক্ষ থেকে আন্তর্জাতিক চাপ বাড়ানোর চেষ্টা স্পষ্ট হয়ে উঠেছে, বিশেষ করে চলমান সংঘাতে বেসামরিক ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে।
লেবাননে চলমান সংঘাতের মধ্যেই হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির চিফ অফ দ্য জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, কোনো ধরনের আপস ছাড়াই হামলা চালানো হবে।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখব এবং প্রতিটি সুযোগ কাজে লাগাব।’ তিনি আরও যোগ করেন, উত্তরাঞ্চলের ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না এবং ‘বিরতিহীনভাবে’ অভিযান চালানো হবে।
অন্যদিকে, লেবাননে ইসরায়েলি হামলার ফলে হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন। তার মতে, সাম্প্রতিক হামলাগুলোতে শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় বিমান হামলার কারণে হাসপাতালগুলো আহত ও নিহতদের চাপে উপচে পড়ছে।
চলমান এই পরিস্থিতি লেবাননের মানবিক সংকটকে আরও তীব্র করে তুলছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে।

যুদ্ধবিরতি চুক্তির কাঠামো চূড়ান্ত হলে খুব শিগগিরই হরমুজ প্রণালি পুনরায় চালু করতে পারে ইরান। দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বৈঠকের আগে—বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যেই তেহরান এ পদক্ষেপ নিতে পারে।
বিশ্ব জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি চলমান সংঘাতের সময় ইরানের নিয়ন্ত্রণে কার্যত অচল হয়ে পড়ে। এর ফলে আন্তর্জাতিক তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়।
সূত্রটির মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তেহরান এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় নিরাপদ করার বিষয়ে সম্মত হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করেই প্রণালিটি ধাপে ধাপে খুলে দেওয়া হবে। যাতে নিরাপত্তা নিশ্চিত রেখে আন্তর্জাতিক বাণিজ্য স্বাভাবিক করা যায়।

ইরান-যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধবিরতি কার্যকর থাকবে এবং সংঘাতপীড়িত অঞ্চল ধীরে ধীরে স্থিতিশীলতায় ফিরবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
বুধবার (৮ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তার ইরানি সমকক্ষ আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন। আলোচনায় একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে আঙ্কারার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং যুদ্ধবিরতি ধরে রাখতে সব ধরনের প্রচেষ্টা চালানো হবে।

মার্কিন ঘোষিত যুদ্ধবিরতির পরপরই ইরানের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। দেশটির ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী আজ (৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় ইরানের লাভানে অবস্থিত একটি তেল শোধনাগার আক্রান্ত হয়।
আধাসরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত কোম্পানির বিবৃতিতে বলা হয়েছে, হামলার পরপরই নিরাপত্তা ও অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে কাজ শুরু করে। তারা আগুন নিয়ন্ত্রণে এনে তা নিভিয়ে ফেলার চেষ্টা চালাচ্ছে এবং স্থাপনাটি নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
বিবৃতিতে আরও জানানো হয়, হামলার সময় দ্রুত পদক্ষেপ নেওয়ায় কর্মীদের আগেই সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এ কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে এই হামলার ঘটনায় যুদ্ধবিরতির কার্যকারিতা এবং অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় একাধিক দেশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, চীন, সৌদি আরব, তুরস্ক, মিশর ও কাতার যুদ্ধবিরতিতে পৌঁছাতে ‘অমূল্য ও সর্বাত্মক সমর্থন’ দিয়েছে। একই সঙ্গে এসব দেশের সহায়তায় শান্তিপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জানান, উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি)-এর দেশগুলোর প্রতিও তিনি কৃতজ্ঞ। তার মতে, যুদ্ধবিরতি প্রক্রিয়ায় পাকিস্তানের প্রচেষ্টাকে সফল করতে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার প্রতি তাদের অব্যাহত সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শাহবাজ শরীফ বলেন, ‘আমাদের ভ্রাতৃপ্রতিম দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্ব শান্তিকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে অসাধারণ কৌশলগত দূরদর্শিতা, বিচক্ষণতা ও ধৈর্যের পরিচয় দিয়েছে।’
লেবাননে অল্প সময়ের মধ্যে বড় ধরনের সমন্বিত হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী-আইডিএফ। তাদের ভাষ্য অনুযায়ী, মাত্র ১০ মিনিটের মধ্যে দেশটির বিভিন্ন স্থানে একযোগে ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
বাহিনীটি জানায়, গত ২ মার্চ নতুন সামরিক অভিযান শুরুর পর এটিই সবচেয়ে বড় সমন্বিত হামলা। তাদের দাবি, এই অভিযানে হিজবুল্লাহর একাধিক কমান্ড সেন্টার ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়।
ইসরায়েলের দেওয়া তথ্য অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তু হিসেবে বৈরুত, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত ছিল।
বিবৃতিতে আরও বলা হয়, লক্ষ্যবস্তু করা অবকাঠামোর বেশিরভাগই বেসামরিক জনবসতির কাছাকাছি অবস্থিত ছিল। তবে ‘অপ্রাসঙ্গিক’ বা বেসামরিক ব্যক্তিদের ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে ইসলামাবাদে প্রস্তাবিত শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়ে আবারও আশ্বাস দিয়েছে ইরান। বুধবার (৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেশেকিয়ানের সঙ্গে তার একটি ‘আন্তরিক ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে।
শাহবাজ শরীফ বলেন, এই সপ্তাহের শেষ দিকে ইসলামাবাদে শান্তি আলোচনা আয়োজনের পাকিস্তানের প্রস্তাব গ্রহণ করায় তিনি ইরানি নেতৃত্বের প্রজ্ঞা ও বিচক্ষণতার প্রশংসা করেছেন। তার মতে, আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও জানান, প্রেসিডেন্ট পেজেশকিয়ান আসন্ন আলোচনায় ইরানের অংশগ্রহণের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন এবং এই কূটনৈতিক প্রচেষ্টার জন্য পাকিস্তানের ভূমিকাকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি তিনি পাকিস্তানের জনগণের প্রতি শুভেচ্ছাও জানিয়েছেন।
এতে করে ইসলামাবাদে নির্ধারিত আলোচনাকে ঘিরে কূটনৈতিক অগ্রগতির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। তিনি এ উদ্যোগকে ‘প্রকৃত আশার লক্ষণ’ হিসেবে অভিহিত করেছেন।
ভ্যাটিকানে সাপ্তাহিক সাধারণ সাক্ষাৎ শেষে দেওয়া বক্তব্যে পোপ বলেন, দুই সপ্তাহের তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণাকে তিনি সন্তোষের সঙ্গে স্বাগত জানাচ্ছেন। তার মতে, এই পদক্ষেপ চলমান সংঘাত নিরসনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।
তিনি আরও জোর দিয়ে বলেন, কেবল সংলাপ ও আলোচনার মাধ্যমেই যুদ্ধের স্থায়ী অবসান সম্ভব। সহিংসতার পথ পরিহার করে কূটনৈতিক সমাধানের দিকে ফিরে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
পোপের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে চলমান কূটনৈতিক প্রচেষ্টার প্রতি একটি নৈতিক সমর্থন হিসেবেও দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লেবাননকে চুক্তির বাইরে রাখা হলে পুরো যুদ্ধবিরতিই ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছে হিজবুল্লাহ।
হিজবুল্লাহর সংসদ সদস্য ইব্রাহিম মুসাভি বলেছেন, চলমান সংঘাতকে আলাদা করে দেখার সুযোগ নেই। তার মতে, এই যুদ্ধ কেবল ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং লেবাননসহ বৃহত্তর আঞ্চলিক প্রেক্ষাপটে এটি একটি সমন্বিত রণাঙ্গন।
তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি কার্যকর রাখতে হলে হিজবুল্লাহ-ইসরায়েল সংঘাতকেও এর আওতায় আনতে হবে। অন্যথায়, ইসরায়েল যদি এ শর্ত অমান্য করে, তবে ইরানসহ আঞ্চলিক মিত্ররা সম্মিলিতভাবে প্রতিক্রিয়া জানাবে।
এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান এবং স্থল লড়াই অব্যাহত থাকবে। এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থানই পুনর্ব্যক্ত হয়েছে, যেখানে তিনি স্পষ্ট করেছেন যে বর্তমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
উল্লেখ্য, সংঘাত শুরুর পর থেকেই ইরান বারবার দাবি করে আসছে যে, ইরান ও লেবানন একই কৌশলগত ফ্রন্টের অংশ এবং যেকোনো শান্তিচুক্তিতে এই বাস্তবতাকে অন্তর্ভুক্ত করা জরুরি।
সব মিলিয়ে, লেবানন ইস্যুতে সমাধান না এলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেও কুয়েতে একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় দেশটির গুরুত্বপূর্ণ তেল ও বিদ্যুৎ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আব্দুল আজিজ আল-ওতাইবি জানিয়েছেন, গ্রিনিচ মান সময় (জিএমটি) ভোর ৫টা থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত ২৮টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে।
তিনি হামলাটিকে ‘শত্রুভাবাপন্ন ও অপরাধমূলক কর্মকাণ্ডের একটি তীব্র ঢেউ’ হিসেবে বর্ণনা করেন। যদিও মোট কতটি ড্রোন এ হামলায় অংশ নিয়েছে তা নির্দিষ্ট করে বলা হয়নি, তবে তার ভাষ্যমতে, ‘বিপুল সংখ্যক শত্রু ড্রোন’ আকাশে প্রবেশের চেষ্টা করেছিল।
কর্নেল আল-ওতাইবি আরও জানান, ভূপাতিত ড্রোনগুলোর মধ্যে কয়েকটি কুয়েতের দক্ষিণাঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ও বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল।
এই হামলার ফলে দেশের তেল অবকাঠামো, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং পানি পরিশোধন স্থাপনাগুলোতে উল্লেখযোগ্য বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

চলমান আলোচনার মধ্যে লেবাননে বিমান হামলার ঘটনায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়াতে পাকিস্তানকে আহ্বান জানিয়েছেন দেশটির সংসদ স্পিকার নাবিহ বেরি।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, বেরি এ বিষয়ে লেবাননে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সালমান আতহারের সঙ্গে টেলিফোনে কথা বলেন।
আলাপচারিতায় তিনি দক্ষিণ লেবাননে ইসরায়েলের অব্যাহত বিমান হামলা এবং যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে বিষয়টি পাকিস্তান সরকারের কাছে গুরুত্বসহকারে তুলে ধরার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।
ফোনালাপে বেরি আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন এবং ইসলামাবাদের কূটনৈতিক উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তবে তিনি জোর দিয়ে বলেন, মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি আন্তর্জাতিক মহলের কাছে স্পষ্টভাবে উপস্থাপন করা জরুরি।
তার মতে, এই বাস্তবতা যথাযথভাবে তুলে ধরা হলে সংঘাত নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হবে।

চলমান সংঘাত ও যুদ্ধবিরতি আলোচনার মধ্যে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা (ইরনা) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে পরিষদ যুদ্ধকে কেন্দ্র করে অর্জিত ‘বিজয়’-এর জন্য ইরানি জনগণকে অভিনন্দন জানিয়েছে। তবে তারা সতর্ক করে দিয়েছে, এই বিজয়ের পূর্ণাঙ্গ চিত্র এখনও চূড়ান্ত হয়নি।
বিবৃতিতে বলা হয়, ‘এই সাফল্যের জন্য আমরা ইরানের জনগণকে অভিনন্দন জানাই। তবে এর বিস্তারিত চূড়ান্ত না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় নেতৃত্বের বিচক্ষণতা ও ধৈর্যের পাশাপাশি জনগণের ঐক্য ও সংহতি অটুট রাখা অত্যন্ত জরুরি।’
পরিষদ আরও দাবি করেছে, গত প্রায় ৪০ দিনের সংঘাতে ইরান তার মিত্রদের সঙ্গে সমন্বয় করে প্রতিপক্ষের ওপর উল্লেখযোগ্য আঘাত হেনেছে।
বিবৃতিতে লেবানন, ইরাক, ইয়েমেন এবং অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে সক্রিয় তথাকথিত ‘প্রতিরোধ অক্ষ’-এর কথাও উল্লেখ করা হয়।
তাদের ভাষ্য অনুযায়ী, এই যৌথ সামরিক ও কৌশলগত পদক্ষেপ এমন প্রভাব ফেলেছে, যা ভবিষ্যতেও বিশ্বরাজনীতির আলোচনায় স্মরণীয় হয়ে থাকবে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। এই আলোচনায় অংশ নিতে দুই দেশকেই আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
আগামী শুক্রবার (১০ এপ্রিল) বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আলোচনাকে ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রতিনিধি দলের নেতৃত্ব নিয়েও আলোচনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পারেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
অন্যদিকে, ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকতে পারেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।
ইরানের সংবাদমাধ্যম আইএসএনএ-এর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই বৈঠককে ঘিরে উভয় পক্ষের মধ্যে একটি কার্যকর সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা