ঢাকার নদী ও খাল বাঁচাতে মহাপরিকল্পনা, বাস্তবায়নে ১৫ সংস্থা

ঢাকার নদী ও খাল বাঁচাতে মহাপরিকল্পনা, বাস্তবায়নে ১৫ সংস্থা
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল।

ঢাকার চারপাশের ছয় নদীর তীর উন্নয়ন, ৫৫টি খাল পুনরুদ্ধার ও শিল্পবর্জ্য শোধনে নতুন অবকাঠামো নির্মাণ এবং নদীর দুই পাশে ১০০ মিটারের মধ্যে নতুন স্থাপনার অনুমোদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে নদীকেন্দ্রিক পর্যটন, ওয়াটার বাস ও নৌযান চলাচল বাড়াতে ল্যান্ডিং স্টেশন নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এসব কাজ বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নদী রক্ষা এবং নৌপথে মানুষের চলাচল সহজ ও আনন্দময় করতে এই উদ্যোগ নিয়েছে সরকার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই উদ্যোগ নদীর সার্বিক উন্নয়ন ও জীববৈচিত্র্য রক্ষায় কাজে দেবে। এর মধ্যে কোনো কোনো কাজ বাস্তবায়নে তিন থেকে ছয় মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। তবে পুরো পরিকল্পনায় কত টাকা ব্যয় হবে, প্রকল্পগুলোর অর্থায়ন কীভাবে হবে এবং কোন কাজ কোথায় বাস্তবায়িত হবে, তা এখনো চূড়ান্ত নয়।

ঢাকার চারপাশের নদী ও খাল ঘিরে পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, অবকাঠামো উন্নয়ন এবং নৌপথ সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়নে একাধিক মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় এবং জবাবদিহি নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা।

এদিকে নগর পরিকল্পনাবিদের মতে কেবল ঘোষণা দিয়েই বাস্তবায়ন করা সম্ভব হবে না। এর জন্য জনগণ ও সংশিষ্ট অংশীজনদের অন্তর্ভুক্তি জরুরি। পাশপাশি যথাযথ পরিকল্পনা ও সমন্বয়েরও প্রয়োজন।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকার চারপাশের নদ-নদী, খাল ও জলাশয়ের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনাসংক্রান্ত কেন্দ্রীয় সেলের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার।

ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীর দখল করে নির্মিত বহুতল ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও কলকারখানা।
ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীর দখল করে নির্মিত বহুতল ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও কলকারখানা।

সভায় স্থানীয় সরকার, পরিকল্পনা, নৌপরিবহন, পরিবেশ, শিল্প, বাণিজ্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে নদী দূষণ রোধ, খাল পুনরুদ্ধার ও নদীকেন্দ্রিক অবকাঠামো উন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

নদীর দুই পাশে ১০০ মিটারে নতুন স্থাপনার অনুমোদন বন্ধ

সরকারের সিদ্ধান্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকার চারপাশের নদীর দুই পাশে ১০০ মিটারের মধ্যে নতুন কোনো সরকারি বা বেসরকারি অবকাঠামো নির্মাণের অনুমোদন দিতে পারবে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ইনার সার্কুলার রোড নির্মাণ এবং নদীদূষণ প্রতিরোধের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৫৫ খাল পুনরুদ্ধারে প্রকল্প

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অধীন মোট ৫৫টি খাল পুনরুদ্ধার, সংস্কার ও সৌন্দর্যবর্ধনে দ্রুত প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯টি এবং দক্ষিণ সিটি করপোরেশনের ২৬টি খাল।

খালগুলো থেকে বর্জ্য অপসারণ, ঘাট ও ওয়াকওয়ে নির্মাণ এবং সৌন্দর্যবর্ধনের কাজ করতে হবে। স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে এসব কাজ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গিরানি খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টির জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

শিল্পবর্জ্য নিয়ন্ত্রণে ৬ মাসের সময়সীমা

ঢাকা ও এর আশপাশের এলাকার শিল্পকারখানা থেকে নির্গত তরল ও কঠিন বর্জ্য পর্যবেক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণে ছয় মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সরকারি ও বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে খাল থেকে বর্জ্য অপসারণ এবং পানির প্রবাহ নিশ্চিত করতে বলা হয়েছে। এ জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ নৌবাহিনী এবং ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের জেলা প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সময়সীমার মধ্যে প্রয়োজনীয় সংখ্যক পয়ঃবর্জ্য শোধনাগার (এসটিপি), শিল্পবর্জ্য শোধনাগার (ইটিপি) এবং কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপন ও কার্যকর করারও নির্দেশ দেওয়া হয়েছে।

শিল্পবর্জ্য ফেলায় বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে। ঢাকার সদরঘাট এলাকা থেকে তোলা ছবি।
শিল্পবর্জ্য ফেলায় বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে। ঢাকার সদরঘাট এলাকা থেকে তোলা ছবি।

এ ক্ষেত্রে দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় সংখ্যক এসটিপি নির্মাণ করবে। শিল্প মন্ত্রণালয় সরকারি শিল্পপ্রতিষ্ঠানের জন্য সিইটিপি তৈরি করবে। অন্যদিকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজ নিজ শিল্পপ্রতিষ্ঠানের জন্য সিইটিপি নির্মাণ করবে। বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের জন্য সিইটিপি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়কে।

৬ নদীর তীরে পর্যটনকেন্দ্র ও ঘাট নির্মাণ

ঢাকার চারপাশের বৃত্তাকার নদীগুলোর উন্নয়ন, সংস্কার, তীর সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনে সমন্বিত নকশা তৈরির সিদ্ধান্ত হয়েছে। এ জন্য নৌপরিবহন মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে একটি কার্যকর সমন্বিত নকশা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। নদীগুলো হলো তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, ধলেশ্বরী ও কালীগঙ্গা। এসব নদীর দুই পাশে ঘাট নির্মাণ, বর্জ্য অপসারণ ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে বিভিন্ন স্থানে পর্যটনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ কাজের দায়িত্ব পেয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ নৌবাহিনী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নদীর সার্বিক উন্নয়ন ও জীববৈচিত্র্য রক্ষায় এসব কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে কোনো কোনো কাজ বাস্তবায়নে তিন থেকে ছয় মাস সময় বেঁধে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নদীর সার্বিক উন্নয়ন ও জীববৈচিত্র্য রক্ষায় এসব কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে কোনো কোনো কাজ বাস্তবায়নে তিন থেকে ছয় মাস সময় বেঁধে দেওয়া হয়েছে।

নদীগুলোকে নৌযান চলাচলের উপযোগী করতে ওয়াটার বাস ও নৌযানের জন্য প্রয়োজনীয় সংখ্যক ল্যান্ডিং স্টেশন (ঘাট) নির্মাণের নির্দেশও দেওয়া হয়েছে। এ কাজের জন্য তিন মাস সময় নির্ধারণ করা হয়েছে। যথাযথ নকশা অনুসরণ করে উপযুক্ত স্থানে এসব স্টেশন নির্মাণ করতে হবে। দায়িত্ব পেয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ ও বাংলাদেশ নৌবাহিনী।

প্রকল্পের অর্থায়নের উৎস অনুসন্ধান

নদী ও খালসংক্রান্ত চলমান প্রকল্পগুলোর অর্থের উৎস অনুসন্ধান এবং প্রয়োজন অনুযায়ী প্রকল্পের পরিধি পুনর্নির্ধারণের (রিস্কোপিং) সিদ্ধান্তও হয়েছে। চলমান প্রকল্পগুলোর অনুমোদিত নকশা বাস্তবায়নের সময়সীমার সঙ্গে সামঞ্জস্য করার নির্দেশ দেওয়া হয়েছে। এ কাজের দায়িত্ব পরিকল্পনা বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের।

এর আগে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় দেওয়া প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা এবং কর্মপরিকল্পনার অগ্রগতিও আলোচনায় আসে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করে দ্রুত দৃশ্যমান কার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হয়।

পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলমান

ঢাকার চারপাশের নদী ও খাল নিয়ে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে মন্ত্রণালয়গুলো কাজ শুরু করেছে বলে জানান সংশিষ্ট কর্মকর্তারা। জানতে চাইলে রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) মো. মনিরুল ইসলাম সিটিজেন জার্নালকে বলেন, ‘আমরা ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছি। আমাদের কাছে এখন যেসব স্থাপনার নকশার অনুমোদনের ফাইল আসছে, যাচাই-বাছাই করে দেখছি; তা নদী তীরের ১০০ মিটারের মধ্যে আছে কি না। যেসব স্থাপনা তীর থেকে ১০০ মিটার দূরে নির্দেশনা অনুযায়ী সেগুলোরই অনুমোদন দেওয়া হচ্ছে।’

ঢাকার মোহাম্মপুর এলাকার একটি খাল ময়লা-আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে।
ঢাকার মোহাম্মপুর এলাকার একটি খাল ময়লা-আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে।

অন্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যখন যে বিষয়ে আমাদের একসঙ্গে কাজ করা প্রয়োজন, আমরা করবো। আশা করছি এবার ঢাকার নদী-খালগুলোকে ব্যবহার উপযোগী করা সম্ভব হবে।’

অতীতেও ঘোষণা এসেছে, কিন্তু সাফল্য আসেনি

ঢাকার চারপাশের নদী ও খাল ঘিরে পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, অবকাঠামো উন্নয়ন এবং নৌপথ সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়নে একাধিক মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় এবং জবাবদিহি নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা।

এ বিষয়ে জানতে চাইলে স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব সিটিজেন জার্নালকে বলেন, ‘এর আগেও এমন ঘোষণা এসেছে, কিন্তু তা বাস্তবায়ন করা যায়নি। কারণ পরিকল্পনাতেই ঘাটতি ছিল। কাজটি করতে হলে বর্তমান সরকারকে এসব বিষয়ের বিভিন্ন কারিগরি এজেন্সি এবং জনসাধারণকেও যুক্ত করতে হবে। তাদের মতামত নিতে হবে। না হলে বাস্তবায়নো কঠিন হয়ে পড়বে।’

তিনি আরও বলেন, ‘কেবল উদ্ধারের পরিকল্পনা করলেই হবে না। এর সঙ্গে তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা যুক্ত করতে হবে। অন্যথায় এসব কাজ ব্যর্থ হবে, রাষ্ট্রের অর্থের অপচয় হবে।’

নদীগুলোকে নৌযান চলাচলের উপযোগী করতে ওয়াটার বাস ও নৌযানের জন্য প্রয়োজনীয়সংখ্যক ল্যান্ডিং স্টেশন (ঘাট) নির্মাণের নির্দেশও দেওয়া হয়েছে। এ কাজের জন্য তিন মাস সময় নির্ধারণ করা হয়েছে।

যথাযথ কর্মপদ্ধতি তৈরি না করলে মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকবে এবং উদ্যোগ ব্যর্থ হবে বলে মন্তব্য করেন ইকবাল হাবিব। তার কথায়, ‘এসব ক্ষেত্রে অতীতেও সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের চরম অভাব ছিল। কেউ কাউকে গুরুত্ব দিতো না। তাই এত সংস্থাকে আলাদা করে দায়িত্ব না দিয়ে একজনের আওতায় বাকিদের কাজ করার নির্দেশ দিতে হবে।’

/বিবি/