স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ৬৬টি খাতে অনিয়ম, মামলার দিকে এগুচ্ছে দুদক

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ৬৬টি খাতে অনিয়ম, মামলার দিকে এগুচ্ছে দুদক
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুর্নীতি-অনিয়ম অনুসন্ধানের জন্য গঠিত একটি কমিটি। গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার করে ৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে অভিযোগ ৭৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের।

রাজনীতিবিদদের পাশাপাশি সরকারি কর্মকর্তারাও অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পিরোজপুর কার্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদারের বিরুদ্ধে ১ হাজার ৬৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুসন্ধানী প্রতিবেদনে বিগত সরকারের নীতি-নির্ধারণী পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির এই ভয়াবহ চিত্রই উঠে এসেছে।

এভাবে রাজনৈতিক প্রভাবকে ব্যবহার ও ক্ষমতার দাপট দেখিয়ে দেশের অনেক মন্ত্রী, আমলা, প্রকৌশলীসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকতারা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন। গত ১৭ বছরে শুধু স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৬৬টি খাতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসব খাতে ২৮ হাজার কোটি টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। গত ৭ অক্টোবর প্রকাশিত ওই মন্ত্রণালয়ের এক অনুসন্ধানী প্রতিবেদনে দুর্নীতির এই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। এসব তথ্য ইতোমধ্যেই দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে। দুদক অনুসন্ধান শেষে মামলার প্রক্রিয়ায় যাবে বলে জানা গেছে। অনিয়ম-দুর্নীতির মাধ্যমে যে অর্থ আত্মসাৎ করা হয়েছে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার সুপারিশ করেছে মন্ত্রণালয়ের ওই কমিটি।

মন্ত্রণালয়ের ওই অনুসন্ধানী প্রতিবেদনে আরও যে বিশিষ্ট রাজনীতিবিদ ও আমলার নাম এসেছে তাদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক দুই মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও তাজুল ইসলাম ও ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খানও রয়েছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ ও উত্তর, চট্টগ্রাম, গাজীপুর, বরিশাল, খুলনা ও রংপুর সিটি করপোরেশন; পিরোজপুর পৌরসভা এবং ঢাকা ওয়াসা থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৬৬টি খাতে ২৭ হাজার ৮৫৯ কোটি ৯১ লাখ টাকার গুরুতর অনিয়ম ও লুটপাটের তথ্য পেয়েছে মন্ত্রণালয়ের অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত করার জন্য গঠিত ওই কমিটি।

মন্ত্রণালয়ের ওই অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, নানা কৌশল ও প্রতারণার আশ্রয় নিয়ে এই অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে। এর মধ্যে একই রাস্তার কাজের জন্য দুইবার প্রকল্প গ্রহণ করে বিল তুলে নেওয়া, অস্তিত্বহীন প্রকল্প দেখিয়ে ও কাজ না করেই ঠিকাদারকে শতভাগ বিল পরিশোধ, নকশা অনুযায়ী সড়ক ও ভবন নির্মাণ না করা, সিটি করপোরেশনের বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ এবং অডিট আপত্তি এড়াতে শত শত সরকারি নথি গায়েব করে ফেলার মতো ঘটনাও রয়েছে।

আসিফ মাহমুদের বিরুদ্ধে বড় আর্থিক অনিয়মের অভিযোগ

সাবেক অন্তর্বর্তী সরকারের যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে প্রায় ১৩ হাজার কোটি টাকার আর্থিক অনিয়ম, ঘুষ ও অর্থপাচারের অভিযোগে পাওয়া গেছে। সেই অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক।

জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে যত অভিযোগ

একসময় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন জাহাঙ্গীর আলম। একপর্যায়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ পেয়ে যান। পরে তিনি গাজীপুর সিটি করপোরেশনের মেয়র হন। এরপর ক্ষমতাসীন দলের প্রভাব কাজে লাগিয়ে তিনি লুটপাট ও দখল বাণিজ্যে সক্রিয় হয়ে ওঠেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুসন্ধানী প্রতিবেদনে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ ও তা বিদেশে পাচারের তথ্য পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তিনি সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার যোগসাজশে ৬৫৬ দশমিক ৮৬ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

তাকসিম এ খানের দুর্নীতির খতিয়ান

ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘ ১৫ বছর ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন প্রকৌশলী তাকসিম এ খান। এই সময় তার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং নিয়োগ বাণিজ্যের মাধ্যমে ৫ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। দুদকের প্রতিবেদন ও বিভিন্ন নথিপত্র পর্যালোচনায় তার আমলে সংঘটিত দুর্নীতির বিষয়টি তদন্তে গুরুত্ব পেয়েছে। তবে তাকসিম এ খানের এসব দুর্নীতির নথির হদিস পায়নি মন্ত্রণালয়ের অনুসন্ধান কমিটি।

তাপসের দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে ক্ষমতার অব্যবহার করে ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের ঘটনায় মামলা করেছে দুদক। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম, নিয়োগ বাণিজ্য এবং মেয়র হানিফ ফ্লাইওভার (গুলিস্তান-যাত্রাবাড়ী) নির্মাণে অনিয়মের অভিযোগ রয়েছে।

মেয়র আতিকুল করেছেন দুর্নীতি

ঢাকা উত্তর সিটি করপোরশেন সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তিনি মেয়র থাকাকালীন নির্মাণ সামগ্রীর ল্যাব টেস্ট না করেই এবং প্রতিবেদন পাওয়ার আগেই ৪৩ কোটি ২৮ লাখ টাকার বিল পরিশোধ করেছেন। এ ছাড়া তিনি উৎসে ভ্যাট কেটে না নেওয়ায় ১৮ কোটি ৬২ লাখ টাকা, দোকান ও মোবাইল টাওয়ার ভাড়ায় ৫ কোটি ৩৪ লাখ টাকা এবং যানবাহন নিবন্ধন ও অগ্রিম আয়কর না দেওয়ায় সরকারের ১ কোটি ২৩ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।

সাবেক মন্ত্রী মোশাররফ ও তাজুলের বিরুদ্ধে অভিযোগ

সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ২৮ কোটি চার লাখ ১০ হাজার টাকা এবং মো. তাজুল ইসলামের বিরুদ্ধে ১৪৭ কোটি ৫৫ লাখ ১৯ হাজার ৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।

রাজনীতিবিদদের পাশাপাশি সরকারি কর্মকর্তারাও অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পিরোজপুর কার্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদারের বিরুদ্ধে ১ হাজার ৬৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

ছোট জায়গায় বড় দুর্নীতি

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) পিরোজপুর জেলা কার্যালয়ে ১৭টি প্রকল্পে ২০২০-২০২১ অর্থবছর থেকে ২০২৩-২০২৪ অর্থবছরে ১৭টি প্রকল্পে তিন হাজার ১৭৬ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ ছিল। এর মধ্যে মাত্র এক হাজার ৫২৯ কোটি ১০ লাখ টাকার কাজ হয়েছে। বাকি এক হাজার ৬৪৭ কোটি ৪৮ লাখ টাকা কাজ না করেই এবং ৩৭০টি নথি গায়েবের মাধ্যমে নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার অন্য কর্মকর্তাদের যোগসাজশে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঢাকা জেলা পরিষদে অনিয়ম

ঢাকা জেলা পরিষদের উন্নয়নমূলক কাজেও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে জেলা পরিষদের ২০ তলা ভবন নির্মাণে ‘তমা কনস্ট্রাকশন’কে কাজ দেওয়ায় সেলামি বাবদ মাত্র ৯ কোটি ২৪ লাখ টাকা আদায় হলেও রাজস্ব তহবিল থেকে ঠিকাদারকে ৫৩ কোটি ৫৬ লাখ টাকা দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুসন্ধানী প্রতিবেদনে বিগত সরকারের নীতি-নির্ধারণী পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির এই ভয়াবহ চিত্রই উঠে এসেছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সরকার বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সিটিজেন জার্নালকে বলেন, ‘অনুসন্ধানী প্রতিবেদনটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুদকে আবেদন করা হয়েছে। পুরো বিষয়টি এখন দুদক দেখভাল করবে।’

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সিটিজেন জার্নালকে বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নথি বা আবেদন দুদকে এসেছে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে আবেদন পাওয়ার সংশ্লিষ্টতা কমিটি যাচাই-বাছাই করবে। আমলযোগ্য অপরাধ হলে সেটি কমিশনে পাঠানো হবে। এরপর কমিশন অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ করবে। অনুসন্ধান কর্মকর্তা প্রতিবেদন দাখিল এবং মামলার সুপারিশ করলে মামলা হবে।’

জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আদিল মোহাম্মদ খান বলেন, ‘জুলাই গণঅভ্যূত্থানের পর দেশে দুর্নীতি কমে আসবে বলে সবার ধারণা ছিল। কিন্তু তা হয়নি। সরকার পরিবর্তন হলেও দুর্নীতি বদলায়নি।’

এ বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার পর পলিসি ডায়ালগের (সিপিডি) সাবেক নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। অভিযোগগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত আর্থিক ক্ষতি নির্ধারণ এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। পাশাপাশি প্রকল্প অনুমোদন, ক্রয়প্রক্রিয়া, বাস্তবায়ন ও তদারকিতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে স্বাধীন মূল্যায়ন, নিয়মিত নিরীক্ষা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ানোও জরুরি।

/বিবি/