নদীতীরের ১০০ মিটারের মধ্যে নতুন স্থাপনার অনুমোদন দেবে না রাজউক

নদীতীরের ১০০ মিটারের মধ্যে নতুন স্থাপনার অনুমোদন দেবে না রাজউক
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

রাজধানীর চারপাশের নদ-নদীর দুই তীরের ১০০ মিটারের মধ্যে নতুন কোনো স্থাপনা নির্মাণের অনুমোদন দেবে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সরকারি কিংবা বেসরকারি কোনো ধরনের স্থাপনার ক্ষেত্রেই এ অনুমোদন দেওয়া হবে না। নদীদূষণ রোধ, নদীর তীর সংরক্ষণ এবং ইনার সার্কুলার রোড নির্মাণ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গত ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত নদ-নদী ও তৎসংলগ্ন খাল-ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনাবিষয়ক কেন্দ্রীয় সেলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। পরে গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সভার কার্যবিবরণীতে এ সিদ্ধান্ত বাস্তবায়নে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজধানী ঢাকাকে ঘিরে থাকা প্রধান চারটি নদী হলো বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা। এ ছাড়া মহানগরীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে প্রায় ৫৫টি খাল। দীর্ঘদিন ধরে এসব নদী ও খালের দুই পাড়ে গড়ে উঠেছে অসংখ্য শিল্পকারখানা, আবাসিক ভবন ও বাণিজ্যিক স্থাপনা। অপরিকল্পিত এসব স্থাপনার কারণে একদিকে নদীর তীর দখল হচ্ছে, অন্যদিকে শিল্পবর্জ্য ও পয়োবর্জ্যে দূষিত হচ্ছে নদীর পানি। বিভিন্ন সময়ে রাজউক ও সিটি করপোরেশনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

এ অবস্থায় নদীর দুই তীরে ১০০ মিটারের মধ্যে নতুন স্থাপনা নির্মাণের অনুমোদন বন্ধের উদ্যোগ নিয়েছে রাজউক। জানতে চাইলে সংস্থাটির পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) মো. মনিরুল ইসলাম সিটিজেন জার্নালকে বলেন, ‘বর্তমানে আমাদের কাছে যে সকল স্থাপনার নকশার অনুমোদনের ফাইল আসছে তা আমরা যাচাই-বাছাই করে দেখছি নদীর তীরের ১০০ মিটারের মধ্যে আছে কি না। নির্দেশনা অনুযায়ী যেগুলো তীর থেকে ১০০ মিটার দূরে রয়েছে সেই স্থাপনার জন্যই এখন অনুমোদন দেওয়া হচ্ছে।’

এ বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সভাপতি ও নগর পরিকল্পনাবিদ ড. মো. আকতার মাহমুদ সিটিজেন জার্নালকে বলেন, ‘নদ-নদীর তীর থেকে ১০০ মিটারের মধ্যে আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা নিয়ন্ত্রণ করা জরুরি। বিশেষ করে শিল্পকারখানার বর্জ্য পরিশোধনাগারের (ইটিপি) মাধ্যমে যথাযথভাবে শোধন না করে যাতে কেউ নদীতে ফেলতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শুধু নীতিমালা প্রণয়ন করলেই হবে না, এর যথাযথ বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।’

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নদীর দুই তীরে নতুন স্থাপনা নির্মাণের অনুমোদন বন্ধের সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে নদীর জায়গা দখল ও দূষণ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে। তবে শুধু নতুন স্থাপনা নির্মাণ বন্ধ করাই যথেষ্ট নয়; বিদ্যমান অবৈধ স্থাপনা উচ্ছেদ, শিল্পবর্জ্য শোধন এবং নিয়মিত নজরদারি নিশ্চিত করাও জরুরি। এসব উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে রাজধানীর চারপাশের নদীগুলোর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার পথ অনেকটাই সুগম হবে।

/এসএ/