শিরোনাম

‘হোম অ্যালোন’ খ্যাত অভিনেত্রী মারা গেছেন

‘হোম অ্যালোন’ খ্যাত অভিনেত্রী মারা গেছেন
হলিউড অভিনেত্রী ক্যাথরিন ও’হারা। কোলাজ: সিটিজেন জার্নাল

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাথরিন ও’হারা মারা গেছেন। ৭১ বছর বয়সে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে সংক্ষিপ্ত অসুস্থতার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি অভিনেত্রীর ম্যানেজার ভ্যারাইটিকে নিশ্চিত করেছেন।

প্রায় পাঁচ দশক ধরে বিনোদন জগতে সক্রিয় ছিলেন ক্যাথরিন ও’হারা। কানাডীয় স্কেচ কমেডি সিরিজ ‘সেকেন্ড সিটি টেলিভিশন’– এর মাধ্যমে তার অভিনয়জীবন শুরু হয়। ইউজিন লেভির সঙ্গে যৌথভাবে তৈরি এই অনুষ্ঠানেই প্রথমবারের মতো এমি পুরস্কার জেতেন তিনি।

চলচ্চিত্রে ও’হারার উপস্থিতি দর্শকদের কাছে স্মরণীয় হয়ে আছে ‘আফটার আওয়ার্স’, ‘বিটলজুস’ এবং প্রথম দুটি ‘হোম অ্যালোন’ ছবির মাধ্যমে। বিশেষ করে ‘হোম অ্যালোন’-এ ম্যাকাওলে কুলকিন অভিনীত কেভিন চরিত্রের মায়ের ভূমিকায় তার অভিনয় ব্যাপক জনপ্রিয়তা পায়। এ ছাড়া ক্রিস্টোফার গেস্ট পরিচালিত ব্যঙ্গাত্মক চলচ্চিত্র– ‘বেস্ট ইন শো’, ‘ফর ইওর কনসিডারেশন’ ও ‘ওয়েটিং ফর গাফম্যান’ এ নিয়মিত অভিনয় করেছেন তিনি।

অ্যানিমেটেড চলচ্চিত্রেও কণ্ঠশিল্পী হিসেবে সমানভাবে প্রশংসিত ছিলেন ও’হারা। ‘দ্য নাইটমেয়ার বিফোর ক্রিসমাস’ ও ‘চিকেন লিটল’– এর মতো জনপ্রিয় ছবিতে তার কণ্ঠ দর্শকদের মনে দাগ কেটে গেছে।

সত্তরের দশকে এসে তার ক্যারিয়ার নতুন গতি পায়। সিবিসির জনপ্রিয় সিরিজ ‘শিটস ক্রিক’–এ ধনী ও ব্যতিক্রমী গৃহিণী মোইরা রোজ চরিত্রে অভিনয়ের জন্য তিনি দ্বিতীয়বারের মতো এমি পুরস্কার অর্জন করেন। এই চরিত্রে তার অভিনয় নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় করে তোলে।

ও’হারার সাম্প্রতিক কাজের মধ্যে ছিল ‘বিটলজুস বিটলজুস’ এবং অ্যাপলের অ্যাকশন ছবি ‘আর্গিল’।

হলিউডে ক্যাথরিন ও’হারা প্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তিনি রেখে গেছেন তার স্বামী, প্রখ্যাত প্রোডাকশন ডিজাইনার বো ওয়েলচ, দুই ছেলে ম্যাথিউ ও লুক, ভাইবোন মাইকেল ও’হারা, মেরি মার্গারেট ও’হারা, মৌরিন জোলি, মার্কাস ও’হারা, টম ও’হারা এবং প্যাট্রিসিয়া ওয়ালিসকে।

/এসএ/