শিরোনাম

জাবিতে জাকসুর জব ফেয়ার কাল, থাকছে ক্যারিয়ার সেশন

জাবি প্রতিনিধি
জাবি প্রতিনিধি
জাবিতে জাকসুর জব ফেয়ার কাল, থাকছে ক্যারিয়ার সেশন
সংবাদ সম্মেলনে জাকসু নেতারা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাকসুর জব ফেয়ার ও ক্যারিয়ার সেশন ২০২৬’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) আয়োজিত দিনব্যাপী এই চাকরি মেলা আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, সকাল ৯টা থেকে শুরু হয়ে চাকরি মেলা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ আয়োজনের মাধ্যমে প্রায় ৭০০ শিক্ষার্থীর চাকরির সুযোগ তৈরি হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাকসু ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ স্নাতকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি, পেশাগত উন্নয়নে সহায়তা এবং দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দেওয়াই এ আয়োজনের প্রধান উদ্দেশ্য। চাকরি মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি কথা বলার পাশাপাশি, চাকরির জন্য আবেদন ও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে পেশাজীবন উন্নয়নসংক্রান্ত বিভিন্ন কার্যক্রমও থাকবে।

এবারের চাকরি মেলায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ‘ক্যারিয়ার হাব, ব্র্যাকের সহযোগিতায়’। প্লাটিনাম পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ‘নিউজিল্যান্ড ডেইরি’ ও ‘এভারেস্ট ফার্মাসিউটিক্যালস’। স্বর্ণ পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইংলিশ থেরাপি, আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড, টেরাপ্রাইম হোটেলস অ্যান্ড রিসোর্টস প্রাইভেট লিমিটেড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এছাড়া রৌপ্য পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে দ্য এসিএমই ল্যাবরেটরিজ লিমিটেড, স্পার্ক রাইড টেকনোলজি লিমিটেড এবং হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ।

চাকরি মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকায় রয়েছে– আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, ডাটা সলিউশন ৩৬০ লিমিটেড, আবুল খায়ের গ্রুপ, আরএফএল গ্রুপ, ইফাদ গ্রুপ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং রিদম ব্লাড সেন্টার।

প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা মেলায় চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এবং নিয়োগসংক্রান্ত কার্যক্রমে অংশ নেবেন।

দিনব্যাপী চাকরি মেলার কার্যক্রম শেষ হওয়ার পর একই দিন সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হবে ‘কর্পোরেটের পথে ক্যারিয়ার সেশন’। চাকরি মেলার অংশ হিসেবে আয়োজিত এই বিশেষ ক্যারিয়ার অধিবেশনে তিনজন খ্যাতনামা কর্পোরেট বক্তা উপস্থিত থাকবেন।

সেশনে বক্তারা কর্পোরেট জগতে ক্যারিয়ার গড়ার বিভিন্ন দিক, পেশাগত দক্ষতা ও উন্নয়ন, কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার বিকাশ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা কর্পোরেট কর্মক্ষেত্র সম্পর্কে বাস্তব ধারণা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পাবেন।

আয়োজকদের ভাষ্য, ‘জাকসু জব ফেয়ার ও ক্যারিয়ার সেশন ২০২৬’ কেবল চাকরির সুযোগ তৈরির একটি আয়োজন নয়; এর সঙ্গে যোগাযোগ তৈরি, ক্যারিয়ার সম্পর্কে শেখা এবং বিভিন্ন শিল্পখাতের প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত হওয়ার সুযোগও থাকছে। নিয়োগ, পারস্পরিক যোগাযোগ, পেশাজীবন সম্পর্কে শেখা এবং বিভিন্ন শিল্পখাতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে শিক্ষার্থী ও তরুণ স্নাতকদের জন্য ভবিষ্যৎ কর্মসংস্থানের নতুন পথ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।

/এফআর/