শিরোনাম

চুরি হওয়া মালামাল উদ্ধারের অগ্রগতি জানতে থানায় ববি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
চুরি হওয়া মালামাল উদ্ধারের অগ্রগতি জানতে থানায় ববি
নায়িকা ইয়ামিন হক ববি

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তছনছ’ ঘিরে উচ্ছ্বসিত হলেও, ব্যক্তিগত জীবনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ঈদের মাত্র দুইদিন আগে রাজধানীর পূর্ব মনিপুরে অবস্থিত তার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

জানা গেছে, বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মূল্যবান ঘড়িসহ প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকার মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার পর গত ২৭ মে ববির খালাতো ভাই আবদুল কাদের ভূঁইয়া কাফরুল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ মূল অভিযুক্ত ফয়সাল হোসেন ফারুক (৩৫), তার স্ত্রী নাহিদা আক্তারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। তবে বিপুল পরিমাণ সম্পদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৪ ভরি স্বর্ণ উদ্ধার করা সম্ভব হয়েছে।

চুরি হওয়া মালামাল উদ্ধারের অগ্রগতি জানতে বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানায় যান ববি। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নেন।

এ বিষয়ে ববি বলেন, ‘ঘটনাটি নিয়ে আমি ভীষণ হতাশ। শুধু আমি নই, আমার পুরো পরিবার এখনও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছে। এত বড় অঙ্কের মালামাল চুরি হওয়ার পর এখন পর্যন্ত মাত্র ৪ ভরি স্বর্ণ উদ্ধার হয়েছে। আসামিদের গ্রেপ্তার করা হলেও মালামাল উদ্ধারে এত ধীরগতি দেখে আমি বিস্মিত। আশা করি পুলিশ দ্রুত বাকি জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হবে। অন্যথায় মামলাটি ডিবিতে হস্তান্তরের বিষয়ে উদ্যোগ নেব।’

তবে ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন অভিনেত্রী। সেইসঙ্গে চোর শনাক্ত ও গ্রেপ্তারের পরও কেন অধিকাংশ মালামাল এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, সে প্রশ্নও তুলেছেন তিনি।

ববি জানান, চুরি হওয়া তার অধিকাংশ মূল্যবান সামগ্রী এখনো উদ্ধার হয়নি। অবশিষ্ট স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল দ্রুত উদ্ধারের পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

/আরআই/জেএইচ/