আমাকে গালি দেওয়ার অধিকার আপনাদের কে দিয়েছে: পরীমনি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
আমাকে গালি দেওয়ার অধিকার আপনাদের কে দিয়েছে: পরীমনি
পরীমনি। ছবিধ ভিডিও থেকে নেওয়া

গুলশানে একটি অনুষ্ঠানে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। তার দাবি, ঘটনার জেরে মধ্যরাতে তাঁর গাড়িতেও হামলা চালানো হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওবার্তায় ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। জোর করে ক্ষমা চাওয়ানোর চেষ্টা, অপদস্থ করা, কাজ বন্ধে চাপ সৃষ্টি এবং বয়কটের প্রচারণা চালানোর অভিযোগও তুলেছেন তিনি।

ভিডিওবার্তায় পরীমনি প্রশ্ন তোলেন, কাউকে দিয়ে ক্ষমা চাওয়ানোর জন্য কি হুমকি কিংবা শারীরিক নির্যাতনের আশ্রয় নিতে হবে?

পরীমনি বলেন, ‘আপনি একজন মানুষকে দিয়ে সরি বলাবেন, কিংবা আশা করবেন, একজন মানুষ তার ভুলের জন্য আপনাকে সরি বলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কীভাবে সরি বলাবেন? একজন মানুষের গলা চেপে ধরে বলবেন, তোকে মেরে ফেলব, যতক্ষণ না পর্যন্ত তুই সরি বলবি? এমনকি তাকে মেরে ফেলার হুমকিও দেবেন?’

নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার বিষয়েও কথা বলেন পরীমনি। তিনি বলেন, গালিগালাজ করা ভুল হয়েছে, এ জন্য তিনি ক্ষমা চাইতে পারেন। তবে একজন নারীকে অপদস্থ করা হলেও তাকে প্রতিবাদ করতে দেওয়া হবে না—এমন প্রত্যাশা কেন থাকবে, সেই প্রশ্নও তোলেন অভিনেত্রী।

পরীমনি বলেন, ‘আমি গালি দিয়েছি, সেটা ভুল হয়েছে। আচ্ছা, এ জন্য যদি আমি সরি বলি, তাহলে আমাকে এমন কথাও বলতে হবে যে, তুমি একজন মেয়ে মানুষ। তোমাকে এখানে ধরুক, সেখানে ধরুক, যা ইচ্ছা তাই করুক, তুমি জীবনেও এ নিয়ে কথা বলতে পারবে না। তোমাকে সরি বলতে হবে। কিন্তু আপনারা আসলে কী করছেন? নিজেদের ইগো থেকে রাস্তায় নেমে আন্দোলন করছেন।’

পরীমনির অভিযোগ, তার বিরুদ্ধে অপপ্রচার ও বয়কটের প্রচারণার পাশাপাশি কাজের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করা হচ্ছে। বিভিন্ন ব্র্যান্ডের মালিকদের হুমকি দেওয়া হচ্ছে, যেন তাঁকে কোনো কাজে যুক্ত করা না হয়।

অভিনেত্রীর ভাষ্য, ‘আমাকে যে অপদস্থ করলেন, সে জন্য কি সরি বলবেন? তাহলে আপনাদের ভাষার কী হবে? আমাকে গালি দিলেন কেন? এই রাইটসটা আসলে আপনাদের কে দিয়েছে? আপনারা আমার কাজগুলো নষ্ট করছেন, ব্র্যান্ড মালিকদের হুমকি দিচ্ছেন, তাকে কাজে নেওয়া যাবে না।’

বয়কটের প্রচারণায় প্রত্যাশিত ফল না পেয়ে একপর্যায়ে সরাসরি অনুষ্ঠানে গিয়ে বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনা ঘটানো হচ্ছে বলেও অভিযোগ করেন পরীমনি। তিনি বলেন, বয়কটের ডাক দিয়ে কাজ না হওয়ায় এখন তিনি যেখানে যাচ্ছেন, সেখানেই গিয়ে অরাজকতা তৈরির চেষ্টা করা হচ্ছে।

ভিডিওবার্তার শেষ দিকে সাংবাদিক পরিচয় ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড চালানোর সমালোচনা করেন পরীমনি। তার প্রশ্ন, হাতে মুঠোফোন থাকা, সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ খোলা কিংবা কোনো ধরনের নিবন্ধন থাকলেই কি সাংবাদিক হওয়া যায়?

পরীমনি বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে হুমকি, অপদস্থ করা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করা সাংবাদিকতার কাজ নয়। এসব কর্মকাণ্ডকে তিনি সন্ত্রাসী আচরণ বলেও আখ্যা দেন।

/এবি/