নিখোঁজ বাবার সন্ধান পেতে অভিনেত্রী মেঘলা মুক্তার আকুতি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
নিখোঁজ বাবার সন্ধান পেতে অভিনেত্রী মেঘলা মুক্তার আকুতি
বাবার সঙ্গে অভিনেত্রী মেঘলা মুক্তা

চিত্রনায়িকা মেঘলা মুক্তার বাবা নিখোঁজ। রাজধানীর উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার উদ্দেশে রওনা দেওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সব ধরনের চেষ্টা চালিয়েও বাবার সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত সামাজিকমাধ্যমে সবার সহযোগিতা ও দোয়ার আকুতি জানিয়েছেন এই অভিনেত্রী।

সোমবার দিবাগত রাত ৩টা ১৮ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাবার সঙ্গে তোলা তিনটি ছবি প্রকাশ করে পোস্ট দেন মেঘলা মুক্তা। পোস্টে তিনি লেখেন, ‘জরুরি ভিত্তিতে আমার বাবাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করছি। আমার বাবা আজ রাত আনুমানিক ৮টার দিকে উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার উদ্দেশ্যে রওনা হন। সর্বশেষ রাত ৮টা ৫০ মিনিটে তিনি আমাকে ফোন করেন। এরপর থেকে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে প্রায় ৭ ঘণ্টা পার হয়ে গেছে, কিন্তু তিনি এখনো বাসায় ফিরে আসেননি।’

বাবার সঙ্গে অভিনেত্রী
বাবার সঙ্গে অভিনেত্রী

তিনি লেখেন, ‘আমার বাবা ভীষণ অসুস্থ। তার শারীরিক অবস্থা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত।’

মেঘলা বলেন, ‘উত্তরার আশপাশের বিভিন্ন হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতালসহ প্রয়োজনীয় হাসপাতালগুলোতে খোঁজ নিয়েও এখন পর্যন্ত কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’

অভিনেত্রী লেখেন, ‘ইতোমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তার ছবি সংশ্লিষ্ট থানায় ও বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে। তারপরও এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সবার কাছে আমার বিনীত অনুরোধ, কেউ যদি আমার বাবাকে কোথাও দেখে থাকেন, তার সন্ধান পেয়ে থাকেন কিংবা তার সম্পর্কে সামান্য কোনো তথ্যও জেনে থাকেন, দয়া করে আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন। আপনাদের একটি তথ্য কিংবা সামান্য সহযোগিতাও হয়তো আমার বাবাকে খুঁজে পেতে অনেক বড় ভূমিকা রাখতে পারে।’

সবশেষ তিনি লেখেন, ‘আমার বাবা অসুস্থ, আমরা প্রতিটি মুহূর্ত অত্যন্ত দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে কাটাচ্ছি। আল্লাহ যেন আমার বাবাকে সুস্থ ও নিরাপদে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমিন।’

এদিকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা পর্যন্তও তার বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে এক সংবাদমাধ্যমকে জানান মেঘলা মুক্তা। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। অভিনেত্রী জানান, উত্তরখানে তাদের একটি জায়গায় নির্মাণকাজ চলছে। সেই কাজ তদারকি করতে তার বাবা প্রতিদিন সেখানে যান। গতকালও গিয়েছিলেন। কাজ শেষে রাত আটটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসার উদ্দেশে রওনা হন। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

মেঘলা বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, বাবার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। সেজন্য হয়তো ফোন বন্ধ। কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরও বাবা বাসায় না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। সারা রাত উত্তরখান থেকে বসুন্ধরা আসার রাস্তার দুই পাশে খুঁজেছি। কোথাও পাইনি।’

এর আগে গত ২৮ জুলাই রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন মেঘলা মুক্তা। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সে সময় বেশ কিছুদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকতে হয়েছিল অভিনেত্রীকে।

উল্লেখ্য, তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’ দিয়ে আলোচনায় আসেন মেঘলা মুক্তা। তার অভিনীত বাংলাদেশি সিনেমার মধ্যে রয়েছে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ও ‘আগুনের পাখি’।

/জেএইচ/