ছিনতাইয়ের শিকার সাবেক উপদেষ্টা আসিফ নজরুল

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ছিনতাইয়ের শিকার সাবেক উপদেষ্টা আসিফ নজরুল
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মুঠোফোন ছিনতাই হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন আসিফ নজরুল। তিনি জানান, গাড়ির জানালা খোলা থাকা অবস্থায় এক যুবক মুহূর্তের মধ্যে তাঁর হাত থেকে মুঠোফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাই হওয়া ফোন উদ্ধারের চেষ্টা চলছে। এ সময় তাঁর ফোন নম্বর থেকে কিংবা অন্য কোনো মাধ্যমে কেউ টাকা চাইলে, হুমকি দিলে বা সন্দেহজনক বার্তা পাঠালে সেগুলো এড়িয়ে যাওয়ার অনুরোধ জানান তিনি।

ঘটনার বিস্তারিত জানিয়ে আসিফ নজরুল বলেন, সন্ধ্যায় ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন তিনি। রাস্তায় যানজট থাকায় এবং গরমের কারণে গাড়ির জানালার কাচ খোলা রেখেছিলেন। এ সময় গাড়িতে বসে মুঠোফোনে খুদে বার্তা দেখছিলেন।

পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে নীল রঙের টি-শার্ট পরা এক যুবক হঠাৎ তার হাত থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ওই যুবককে ধরার চেষ্টা করলেও তাকে আটকাতে পারেননি।

আসিফ নজরুল বলেন, নিজের অসতর্কতার কারণেই এমন ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছেন। পুলিশ ফোনটি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান তিনি। তাঁর আশা, ছিনতাই হওয়া মুঠোফোনটি উদ্ধার করা সম্ভব হবে।

/এমআর/