শিরোনাম

শাকিব-বুবলীর ঘরে এলো কন্যা সন্তান

বিনোদন ডেস্ক
শাকিব-বুবলীর ঘরে এলো কন্যা সন্তান
কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

চিত্রনায়ক শাকিব খান ও নায়িকা শবনম বুবলীর ঘরে এসেছে নতুন অতিথি। দুই পুত্রের পর এবার কন্যাসন্তানের বাবা হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ এ নায়ক। মে মাসের ১১ তারিখ বুবলীর কোলজুড়ে আসে কন্যাসন্তান, যার নাম রাখা হয়েছে শার্লিন খান। শুক্রবার (৫ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ভক্ত ও অনুরাগীদের এ আনন্দের খবর নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।

ফেসবুক স্ট্যাটাসে বুবলী মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, তাদের পরিবারে এক কন্যাসন্তানের আগমন হয়েছে। এ খুশির মুহূর্তে যারা তাদের পাশে থেকে দোয়া ও শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে মেয়ের আগামী দিনগুলোর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এ অভিনেত্রী।

বেশ কিছু দিন ধরেই শোবিজ অঙ্গনে বুবলীর মা হতে যাওয়ার গুঞ্জন ভাসছিল। তবে এত দিন এই বিষয়ে শাকিব বা বুবলী কেউই স্পষ্ট করে কিছু বলেননি। এমনকি নিজেকে নতুন কোনো সিনেমা বা পাবলিক ইভেন্ট থেকে দূরে রেখে গণমাধ্যম থেকেও এক প্রকার আড়ালে ছিলেন বুবলী। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজেই এই সুখবর প্রকাশ করলেন।

উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীর। দীর্ঘ গোপনীয়তা বজায় রাখার পর ২০২২ সালে নিজেদের বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন এ তারকা দম্পতি।

/এমএকে/