শিরোনাম

‘ক্রাইম পেট্রোল’ সিরিজে যুক্ত হলেন অজয়

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
‘ক্রাইম পেট্রোল’ সিরিজে যুক্ত হলেন অজয়
অজয় দেবগন

ভারতের জনপ্রিয় অপরাধ বিষয়ক ধারাবাহিক ‘ক্রাইম পেট্রোল’। সিরিজটিতে উপস্থাপক হিসেবে নতুন সফর শুরু করতে যাচ্ছেন বলিউড তারকা অজয় দেবগন। জনপ্রিয় সঞ্চালক অনুপ সোনির জায়গায় এখন থেকে দেখা যাবে ‘সিংঘম’ খ্যাত এই তারকাকে। ইতোমধ্যেই নতুন সিজনের ১৫টি পর্বের দৃশ্যধারণের কাজ শেষ করেছেন অজয়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডের তিন দিগগজ অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের পর এবার ছোট পর্দায় সঞ্চালক হিসেবে আত্মপ্রকাশ করছেন অজয় দেবগন। তবে ‘ক্রাইম পেট্রোল’-এ অজয় কতদিন থাকবেন, তা নির্ভর করবে দর্শক প্রতিক্রিয়া ও রেটিংয়ের ওপর। অর্থাৎ, প্রথম ১৫টি পর্বে দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া মিললে তিনি অনুষ্ঠানটির উপস্থাপনা চালিয়ে যাবেন।

সম্প্রতি প্রকাশিত একটি প্রোমোতে, অভিনেতা সরাসরি দর্শকদের উদ্দেশে বলেছেন, তারা যেন ভয়ে আচ্ছন্ন না হন, বরং অপরাধ জগতের বাস্তবতা মোকাবিলা করার সময় আরও বেশি সতর্কতা অবলম্বন করেন।

এর আগে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি রহস্যময় টিজার ভিডিও শেয়ার করে অজয় বলেন, ‘কখনও কখনও কিছু ঘটনা আমাদের ভেতর থেকে কাঁপিয়ে দেয়। আজ তেমনই এক সত্যি আমার সামনে এসেছে, যা আমাকে স্তব্ধ করে দিয়েছে। খুব শিগগিরই তা আপনাদের সামনে নিয়ে আসব।’ সরাসরি নাম না বললেও ধারণা করা হইয়েছিল ভিডিওটি এই অনুষ্ঠানের প্রচারণার অংশ।

‘ক্রাইম পেট্রোল’-এর নতুন এই মৌসুমে শুধু অজয় দেবগনই নন, কয়েকটি পর্বে উপস্থাপক হিসেবে দেখা যাবে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ খ্যাত অভিনেতা রাজেশ টাইলাংকেও।

প্রসঙ্গত, ২০০৩ সালে ‘ক্রাইম প্যাট্রোল’-এর যাত্রা শুরু হয়। এটি ‘ক্রাইম প্যাট্রোল সতর্ক’, ‘ক্রাইম প্যাট্রোল দস্তক’, ‘ক্রাইম প্যাট্রোল ডায়াল ১০০’ ও ‘ক্রাইম প্যাট্রোল ২.০’-এর মতো বেশ কয়েকটি সংস্করণের মধ্য দিয়ে বিকশিত হয়েছে।

বহু বছর ধরে সিরিজের প্রধান ও নিয়মিত মুখ ছিলেন অনুপ সোনি। তার বাইরেও বিভিন্ন সময়ে দিবাকর পুন্ডির, শক্তি আনন্দ, সাক্ষী তানওয়ার, সঞ্জীব ত্যাগী, দিব্যাঙ্কা ত্রিপাঠী, সোনালী কুলকার্নি ও আশুতোষ রানার মতো তারকাদের এই অনুষ্ঠানের বিভিন্ন পর্ব উপস্থাপনা করতে দেখা গেছে। এবার অনুপের জায়গায় যুক্ত হলেন অজয় দেবগন।

/জেএইচ/