শিরোনাম

আজ সোনা কিনলে গুনতে হবে যত টাকা

আজ সোনা কিনলে গুনতে হবে যত টাকা
ছবি: সিটিজেন গ্রাফিক্স

গত কয়েকদিন ধরে স্বর্ণের বাজারে চলছে অস্থিরতা। হঠাৎ দাম বেড়ে রেকর্ড সৃষ্টি করছে, আবার কয়েক ঘণ্টার মধ্যেই কমছে স্বর্ণের দাম। এমনকি ১২ ঘণ্টার চেয়ে কম ব্যবধানে বাড়ছে-কমছে এই দাম। সবশেষ গতকাল সোমবার স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এই দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৭ টাকা পড়বে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৫২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% আবশ্যকভাবে যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হার ভিন্ন হতে পারে।

এর আগে সোমবার সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেই সময় ২২ ক্যারেটের স্বর্ণের ভরি প্রতি দাম ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতি অনুযায়ী প্রতি ভরি ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এই দাম কার্যকর হয়েছিল ২ ফেব্রুয়ারি সকাল পৌনে ১১টা থেকে।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ২২বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যার মধ্যে ১৪ দফায় দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ৮ দফায়। গত বছর অর্থাৎ ২০২৫ সালে দেশে মোট ৯৩বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪বার দাম বৃদ্ধি এবং ২৯বার দাম কমানো হয়েছিল।

/জেএইচ/