শিরোনাম

ঈদের আগে কমলো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
ঈদের আগে কমলো সোনার দাম
ছবি: সংগৃহীত

ঈদের আগেই দেশের বাজারে কমলো সোনার দাম। এবার সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৩ হাজার ২০ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৩২০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।

সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রভাবে চলতি মাসের শুরুতে বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। তবে পরবর্তীতে মূল্য সমন্বয়ের কারণে দামে ওঠানামা শুরু হয়। সেই ধারাবাহিকতায় আজ সোনার বাজারে দরপতনের প্রবণতা দেখা যাচ্ছে। বিশ্বজুড়ে সোনা ও রুপার দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি-এর তথ্য অনুযায়ী, বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৩ ডলার, যা গতকাল ৫ হাজার ডলারের ওপরে ছিল।

এর আগে ৩০ জানুয়ারি সোনার দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি তা বেড়ে ৫ হাজার ৫৫০ ডলারে পৌঁছায়।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনিবার (২১ মার্চ) দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে ঈদের আগে সোনার দাম কমায় ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করেছেন খাত সংশ্লিষ্টরা।

/জেএইচ/