শিরোনাম

খুলনায় একই পরিবারের ৪ সদস্যকে গুলি

সিটিজেন ডেস্ক
খুলনায় একই পরিবারের ৪ সদস্যকে গুলি

খুলনায় এক বাড়িতে ঢুকে একই পরিবারের চার সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে নগরীর লবণচরা থানার খাদিজাবাগ এলাকার কৃষ্ণনগর ঠিকারবাদে এ হামলা হয়।

গুলিতে আহতরা হলেন: কাজী আনিসুর রহমান, তাঁর স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম এবং পুত্রবধূ ফাহিমা। এদের মধ্যে রঞ্জুয়ারা বেগম বুকে গুলিবিদ্ধ হন। তাঁর সঙ্গে ফাহিমার অবস্থাও গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের মতে, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল কয়েক বছর আগে মাদক সংক্রান্ত মামলায় কারাগারে যান। সেখানে ইমরান নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। পরে ইমরানের মাধ্যমে রাশিদুলের ওই পরিবারের সঙ্গে যোগাযোগ তৈরি হয়। একপর্যায়ে ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং প্রায় ছয় মাস আগে রাশিদুল তাকে বিয়ে করেন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইমরান প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিল বলে স্থানীয়দের ধারণা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে গুলি চালায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত সম্পর্কের জের ধরেই এই হামলা হয়েছে। এতে ছয়জন অংশ নিয়েছে বলে জানা গেছে এবং তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, আহতদের মধ্যে দুজনের শরীর থেকে গুলি অপসারণ সম্ভব না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

/এমআর/