শিরোনাম

শীর্ষ নেতৃত্বের মধ্যে যাদের হারাল ইরান

সিটিজেন ডেস্ক
শীর্ষ নেতৃত্বের মধ্যে যাদের হারাল ইরান
চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শীর্ষ নেতৃত্বের মধ্যে যাদের হারিয়েছে ইরান। ছবি: নিউইয়র্ক টাইমস

চলমান সংঘাতে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে একের পর এক নিখুঁত হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে তিন সপ্তাহের মধ্যেই ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে দেখা দিয়েছে বড় ধরনের শূন্যতা।

ধারাবাহিক বিমান হামলায় দেশটির শীর্ষ পর্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন, যা ইরানের ক্ষমতার কাঠামোকে নাড়িয়ে দিতে যথেষ্ট। যদিও এই ধাক্কা সামলে নিয়ে এখনো ইস্পাত সমান দৃঢ়তা নিয়ে যুদ্ধের ময়দানে ইরান একা লড়ে যাচ্ছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের অভিমত।

সবচেয়ে বড় আঘাতটি আসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে। ১৯৮৯ সাল থেকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃত্বে থাকা এই নেতা ২৮ ফেব্রুয়ারির বিমান হামলায় নিজ বাসভবনেই নিহত হন। তার সঙ্গে পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান।

এই হামলার পর থেকেই ইরানের নিরাপত্তা ও নীতিনির্ধারণী কাঠামোতে একের পর এক ধাক্কা লাগে। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি গত মঙ্গলবার তেহরানের পারদিস এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। দীর্ঘদিন ধরে তিনি ইরানের নিরাপত্তা কৌশল ও পররাষ্ট্রনীতির অন্যতম স্থপতি হিসেবে পরিচিত ছিলেন।

একইভাবে খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলি শামখানি-ও প্রথম দফার হামলায় প্রাণ হারান। সাবেক প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তিনি যুদ্ধকালীন সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগেও এক হামলায় তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন।

গতকাল গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব নিহত হওয়ার পর ইরানের গোয়েন্দা কাঠামোতেও বড় ধাক্কা লাগে। ইসরায়েল আগে থেকেই এ হত্যার দাবি করেছিল, পরে তেহরান তা স্বীকার করে।

সামরিক নেতৃত্বের ক্ষেত্রেও ইরানের ক্ষয়ক্ষতি ব্যাপক। যুদ্ধের প্রথম দিনেই নিহত হন আইআরজিসির প্রধান মোহাম্মদ পাকপৌর। একই হামলায় প্রাণ হারান প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ।

এরপর সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদুলরহিম মুসাভি-র মৃত্যু সামরিক সমন্বয়ে বড় শূন্যতা তৈরি করে।

অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলেইমানির মৃত্যুও দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, প্রথম দফার হামলায় এই তালিকার বাইরেও বহু জ্যেষ্ঠ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। সেদিন ইরানের শীর্ষ পর্যায়ের এক বৈঠককে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল বলে জানা যায়।

বিশ্লেষকদের মতে, এসব লক্ষ্যভিত্তিক হামলা কেবল ব্যক্তিগত ক্ষয়ক্ষতি নয়—বরং ইরানের সামগ্রিক রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, সামরিক সমন্বয় এবং কৌশলগত ধারাবাহিকতায় বড় ধরনের চাপ তৈরি করেছে।

তবে একই সঙ্গে তারা মনে করছেন, ইরানের শাসনব্যবস্থা একাধিক শক্তিশালী প্রতিষ্ঠানের ওপর দাঁড়িয়ে থাকায় এই ধাক্কা সামলে ওঠার সক্ষমতাও দেশটির রয়েছে।

তাই বর্তমান পরিস্থিতি কেবল একটি সামরিক সংঘাত নয়; এটি ইরানের জন্য নেতৃত্ব, কৌশল এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতার এক কঠিন পরীক্ষার সময়।

তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস

/এমআর/