শিরোনাম

চট্টগ্রামে টেরিবাজারে আগুন, দুজনের মৃত্যু

সিটিজেন ডেস্ক
চট্টগ্রামে টেরিবাজারে আগুন, দুজনের মৃত্যু
চট্টগ্রামের টেরিবাজারের কে বি অর্কিড প্লাজার আগুনে পুড়ে যাওয়া একটি দোকান। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকায় একটি বহুতল বিপণিকেন্দ্রে আগুন লেগে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মোহাম্মদ ইউনুস (৫২) ও মো. সোলাইমান (২৮)। তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল দশটার দিকে লালদীঘি সড়কের কে বি অর্কিড প্লাজা ভবনের চতুর্থ তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে অন্তত তিনটি দোকানঘর পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় তিনজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক নুরুল আলম আশিক জানান, আহত তিনজনকে হাসপাতালে আনার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর একজনের অবস্থা গুরুতর।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান বলেন, আগুনের সময় ভেতরে থাকা কয়েকজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণত এই এলাকায় ব্যাপক ভিড় থাকে। তবে ঈদের ছুটি শুরু হওয়ায় সকালে ভিড় কম ছিল। আগুন লাগার পর আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়।

/এমআর/