শিরোনাম

গাজীপুরে পোশাক কারখানার আগুন ৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে

সিটিজেন ডেস্ক
গাজীপুরে পোশাক কারখানার আগুন ৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর ‘ড্রেস ইন স্টাইল লিমিটেড’ নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড প্রায় সাড়ে ৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৮ মার্চ) রাত নয়টার দিকে মহানগরীর নাওজোর এলাকায় অবস্থিত এ পোশাক কারখানায় একটি তিনতলা ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার নিরাপত্তাকর্মী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতার কারণে তা সম্ভব হয়নি।

খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিস ও গাজীপুর ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। টানা সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টার পর দিবাগত রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও গাজীপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি: সংগৃহীত
খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও গাজীপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি: সংগৃহীত

কারখানার নৈশপ্রহরী দীন ইসলাম জানান, রাত ৮টার দিকে তিনি ডিউটিতে আসেন। প্রায় এক ঘণ্টা পর ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তিনি অন্যদের সতর্ক করেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হলেও তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুনের তীব্রতা অনেক বেশি ছিল। একাধিক ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে ডাম্পিং কার্যক্রম চলছে।

অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

/এমআর/