মধু খেলে কি কাশি ভালো হয়

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মধু খেলে কি কাশি ভালো হয়

কাশির সমস্যা সমাধানে মধুর ব্যবহার বেশ পুরোনো। বিশেষ করে সর্দি-কাশি কিংবা গলার অস্বস্তি দূর করতে অনেকেই মধুর ওপর ভরসা রাখেন। তবে কেবল প্রচলিত ধারণা নয়, বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণাতেও কাশির উপসর্গ কমাতে মধুর সম্ভাব্য কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে। কিন্তু মধু কীভাবে কাশিতে স্বস্তি দেয় এবং এটি খাওয়ার সঠিক পদ্ধতিই বা কী?

বিশেষজ্ঞদের মতে, মধুর ঘন ও আঠালো উপাদান গলার ভেতরে একটি আবরণ তৈরি করে। ফলে গলায় খুসখুসে ভাব ও জ্বালাপোড়া কমে, যা কাশির প্রবণতা নিয়ন্ত্রণে সহায়তা করে। পাশাপাশি মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও জীবাণুরোধী উপাদানও এর উপকারিতায় ভূমিকা রাখতে পারে।

গবেষণায় দেখা গেছে, বিশেষ করে রাতে হওয়া কাশির তীব্রতা কমাতে মধু কার্যকর হতে পারে। সাধারণ সর্দি-কাশিতে আক্রান্ত শিশু ও প্রাপ্তবয়স্কদের ঘুমের সমস্যাও কিছুটা কমাতে পারে এটি। এমনকি কিছু ক্ষেত্রে প্রচলিত কাশির ওষুধের তুলনায় সমপরিমাণ বা বেশি উপশম দিতে পারে মধু। এ কারণে সাধারণ কাশিতে ঘরোয়া প্রতিকার হিসেবে অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ মধু ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।

বিএমজে জার্নালসে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, মধু শ্বাসতন্ত্রের ওপরের অংশের সংক্রমণজনিত বিভিন্ন উপসর্গ কমাতে সহায়তা করতে পারে। গবেষণায় এর অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের কথাও উঠে এসেছে। পাশাপাশি অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহারের প্রয়োজন কমানোর সম্ভাব্য উপায় হিসেবেও মধুর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে।

কাশি কমাতে যেভাবে খাবেন মধু

কাশির অস্বস্তি থেকে সাময়িক স্বস্তি পেতে কয়েকটি পদ্ধতিতে মধু খাওয়া যেতে পারে।

  1. রাতে ঘুমাতে যাওয়ার আগে মধু খেলে রাতের কাশির উপসর্গ কমাতে সহায়তা করতে পারে।
  2. সরাসরি এক থেকে দুই চা-চামচ মধু খাওয়া যেতে পারে।
  3. হালকা গরম পানি, দুধ কিংবা ভেষজ চায়ের সঙ্গে মিশিয়েও মধু পান করা যায়। এতে গলার অস্বস্তি কমে আরাম পাওয়া সম্ভব।

তবে মনে রাখতে হবে, মধু কাশির উপসর্গ কমাতে সহায়ক হলেও এটি কাশির মূল কারণ দূর করে না। ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, অ্যালার্জি কিংবা হাঁপানির মতো সমস্যার চিকিৎসার বিকল্প হিসেবে মধু ব্যবহার করা উচিত নয়। বরং অসুস্থতা থেকে সেরে ওঠার সময় এটি উপসর্গ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।

মধু খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতাও জরুরি। বিশেষ করে এক বছরের কম বয়সী শিশুকে কোনো অবস্থাতেই মধু দেওয়া যাবে না। কারণ মধুতে থাকা ব্যাকটেরিয়ার স্পোর থেকে শিশুর ইনফ্যান্ট বোটুলিজম নামের বিরল কিন্তু মারাত্মক রোগ হতে পারে। অন্যদিকে, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধু খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। কারণ মধুতেও প্রাকৃতিক চিনি রয়েছে, যা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে পারে।

সুতরাং, সাধারণ কাশিতে সাময়িক স্বস্তি পেতে মধু হতে পারে সহজলভ্য একটি ঘরোয়া উপায়। তবে দীর্ঘস্থায়ী বা তীব্র কাশি হলে শুধু মধুর ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।

/এসবি/