কোনো বন্ধ কারখানা ফেলে রাখা যাবে না: গভর্নর

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
কোনো বন্ধ কারখানা ফেলে রাখা যাবে না: গভর্নর
দেশের কোনো বন্ধ কলকারখানা বা জাতীয় সম্পদ অব্যবহৃত রাখা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

দেশের কোনো বন্ধ কলকারখানা বা জাতীয় সম্পদ অব্যবহৃত রাখা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, কারখানার যন্ত্রপাতি নষ্ট হয়ে গেলেও সেখানে বিকল্প কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে এসব কথা বলেন গভর্নর।

তিনি জানান, বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিতে গত সপ্তাহে সব ব্যাংকের কাছে খেলাপি গ্রাহকদের বিষয়ে চার ধরনের তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বর্তমান মালিকদের মাধ্যমে কারখানা চালু করা, অন্য উদ্যোক্তার কাছে বিক্রি, ভাড়া দিয়ে পরিচালনা এবং বিকল্প অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্ভাবনা যাচাই।

গভর্নর বলেন, সাধারণ মানুষের সঞ্চয় ও বৈদেশিক মুদ্রা ব্যয় করে গড়ে ওঠা এসব কারখানা জাতীয় সম্পদ। তাই কোনোভাবেই এগুলো অব্যবহৃত রাখা যাবে না।

অনুষ্ঠানে ব্যাংক খাতের ঋণ বিতরণে ভারসাম্যহীনতার বিষয়টিও তুলে ধরেন তিনি। তাঁর মতে, গত ১০ বছরে ঋণপ্রবাহ নির্দিষ্ট কয়েকটি খাতে কেন্দ্রীভূত হয়েছে। বর্তমানে মোট ঋণের ৭০ থেকে ৮০ শতাংশ করপোরেট খাতে দেওয়া হচ্ছে, যা কাম্য নয়। ব্যাংকগুলোকে ঋণ বিতরণে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

গভর্নর বলেন, ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ অর্থ চুরি হয়ে গেছে। এ খাতের সংস্কার ও মূলধন পুনর্গঠনে আগামী পাঁচ থেকে আট বছর সরকারকে রাজস্ব বাজেট থেকে প্রতিবছর অন্তত ৬০ হাজার কোটি টাকা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসার পরিবেশ সহজ করার পাশাপাশি বিদেশে অর্থ পরিশোধের প্রক্রিয়াও সহজ করা হয়েছে বলে জানান তিনি। বিশেষ করে বিদেশে চিকিৎসার ব্যয় পরিশোধ, ই-কমার্স ও ফ্রিল্যান্সারদের অর্থ লেনদেন সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

চিকিৎসার জন্য প্রতিবছর দেশ থেকে ৫ থেকে ৬ বিলিয়ন ডলার বিদেশে চলে যাওয়ার বিষয়টি তুলে ধরেন ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। এ অর্থপ্রবাহ কমাতে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

জবাবে গভর্নর জানান, সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় নির্ধারিত মূল্যে বেসরকারি হাসপাতাল থেকে ৫০০টি সার্জারি কিনে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে একটি বিশেষায়িত হাসপাতাল সরকারের সঙ্গে চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে।

সম্মেলনে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, ঘন ঘন নীতি পরিবর্তন শিল্পায়নের পথে বড় বাধা। তিনি নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতা তহবিলের আকার বাড়ানোরও আহ্বান জানান।

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম ইলেকট্রনিকস খাতের রপ্তানি সম্ভাবনার কথা তুলে ধরে এ খাতে নীতিসহায়তা ও রপ্তানি সুবিধা বাড়ানোর দাবি জানান। অন্যদিকে এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে বিশেষ প্রণোদনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে জ্বালানি নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

/এমআর/

বিষয়:

অর্থনীতি