গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন, ভাঙচুর

গোপালগঞ্জ সংবাদদাতা
গোপালগঞ্জ সংবাদদাতা
গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন, ভাঙচুর
বিএনপির কার্যালয়ে আগুন ও ভাঙচুরের পর গোপালগঞ্জ-পাটগাতি সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে দুর্বৃত্তরা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

শনিবার (১৪ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়ার বর্ণি ও কুশলী ইউনিয়নের নিলফা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে প্রথমে উপজেলার খালেক বাজার এলাকায় কয়েকটি দোকানে হামলা ও আগুন ধরিয়ে দেন ওই দুর্বৃত্তরা। পরে তারা উপজেলার কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একপর্যায়ে তারা উপজেলার নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় বর্ণি বাজারেও যুবদলের এক নেতার ব্যক্তিগত কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, টুঙ্গিপাড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা মাগরিবের নামাজের পর এ তাণ্ডব চালিয়েছেন।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, টুঙ্গিপাড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট থানার ওসি ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। তদন্তে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এসবি/